নিজস্ব সংবাদদাতা : সিলেট সিটি করপোরেশন (সিসিক) কে করোনাভাইরাসের সংক্রমণের দিক বিবেচনা করে বিভিন্ন ওয়ার্ডে রেড, ইয়েলো ও গ্রীণ জোনে ভাগ করা হচ্ছে। সবচেয়ে বেশি সংক্রমিত অঞ্চল রেড জোনে অন্তর্ভুক্ত করা হয়েছে। রেড জোনে লকডাউন দেয়া হতে পরে।
অধিক সংক্রমিত এলাকাকে বেশি গুরুত্ব দিয়ে রোববার (১৪ জুন) সিলেট সিটি করপোরেশন থেকে সবকটি ওয়ার্ডকে আলাদা আলাদা জোনে ভাগ করে একটি প্রস্তাবনা সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে। এছাড়া সিলেটের বিভিন্ন উপজেলা থেকেও এ ধরণের প্রস্তাবনা পাঠানো হয়েছে।
সিলেটের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, এই প্রস্তাবনাগুলো মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে রেড জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলোকে লকডাউন করা হবে।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের করা তালিকায় ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৮টি ওয়ার্ডকেই রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ইয়েলো জোনে আছে ৪টি ওয়ার্ড ও গ্রীণ জোনে আছে ৫টি ওয়ার্ড।
সিটি করপোরেশন থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী, রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে- ১ থেকে ৯ নং ওয়ার্ড, ১২ থেকে ১৪ নং ওয়ার্ড, ১৬ ও ১৭ নং ওয়ার্ড এবং ১৯ থেকে ২২ নং ওয়ার্ডকে।
ইয়েলো জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে- ১০ নং ওয়ার্ড, ১৫ নং ওয়ার্ড, ১৮ নং ওয়ার্ড, ও ২৭ নং ওয়ার্ড। আর গ্রীণ জোনে আছে- ১১ নং ওয়ার্ড এবং ২৩ থেকে ২৬ নং ওয়ার্ড।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে নগরীর করোনায় শনাক্ত হওয়াদের তালিকা যাছাই-বাছাই করে আমরা এই জোনিং করেছি। রোববার এই তালিকা সিভিল সার্জনের কাছে জমা দেয়া হয়। এবার মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে সিলেটের সকল উপজেলাকেও এভাবে পৃথক পৃথক জোনে ভাগ করেছে সিভিল সার্জনের কার্যালয়।
জানা যায়, এই দুটি তালিকা করোনাভাইরাস প্রতিরোধে গঠিত মাল্টিসেক্টরিয়াল কমিটির জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক সোমবার বৈঠক করবেন। বৈঠকে তালিকা দুটি যাছাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারপর তা চুড়ান্ত হবে।
এ ব্যাপারে সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল বলেন, সিলেটের প্রত্যেক উপজেলার একেবারে ইউনিয়ন পর্যন্ত এবং সিলেট মহানগরীর প্রত্যেক ওয়ার্ড পর্যন্ত রেড, গ্রীন ও ইয়েলো জোনে ভাগ করা হয়েছে। এটি জেলা প্রশাসকের সাথে সভায় চুড়ান্ত হলে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। সিলেটের উপজেলাগুলোর অনেক এলাকাকেই রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি।
জানা যায়, রেড জোন চিহ্নিত এলাকায় পুরো লকডাউন করে দেওয়া হবে। এ জোনের কেউ বাইরে যেতে বা বাইরে থেকে কেউ ভেতরে যেতে পারবে না। এ জোনের দোকানপাট, বিপণীবিতান, সরকারি-বেসরকারি কার্যালয় সব বন্ধ থাকবে। এমনকি এ জোনে ঘরে বসে নামাজ আদায় করতে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

No comments:
Post a Comment