জামায়াতের হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 26 February 2026

জামায়াতের হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত


সময় ডেস্ক :
জামায়াতে ইসলামীর কর্মীদের সশস্ত্র হামলায় যশোরের অভয়নগর উপজেলায় বিএনপির দশজন নেতাকর্মী আহত হয়েছেন। 


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে এই হামলার ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশ্য জামায়াতে ইসলামী দাবি করেছে এ ঘটনায় তাদের ৩০/৪০ নেতাকর্মী আহত হয়েছেন।

  

এলাকাবাসী জানিয়েছেন, এলাকার মৃত ইউসুফ মাঝি নামে এক ব্যক্তির সাথে দীর্ঘ ২৫ বছর আগে কবরস্থানের একটি গাছ নিয়ে বিরোধ চলছিল স্থানীয় জামায়াতে ইসলামীর কয়েকজনের সাথে। জামায়াত কর্মী বাসার, আলামিন, মাহাবুব ও ইছাদুলসহ ৫/৬ জন ইউসুফ মাঝির ছেলে স্থানীয় বিএনপি নেতা জালালকে ওই গাছের বিনিময়ে টাকার জন্য চাপ দিতে থাকেন।

 

এক পর্যায়ে বৃহস্পতিবার বিকালে ভাটপাড়া বাজারের আলিম দর্জির দোকানে জালালকে পেয়ে টাকার জন্য মারপিট শুরু করেন জামায়াতের ওই কর্মীরা। এ সময় জালালের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যান।

 

বিকালের ঘটনার জেরে আছরের নামাজ শেষে জামায়াতের দুই শতাধিক নেতাকর্মী দেশীয় অস্ত্র সহকারে ভাটপাড়া বাজারে মিছিল করেন। তারা মিছিলে বিএনপি বিরোধী বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিতে থাকেন।

 

এক পর্যায়ে তারা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল শেখ (৪০), খালিদ শেখ (৩৪), জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহাফুর রহমান ইউসুফ (৩০), থানা ছাত্রদলের সহ-সভাপতি জাকির শেখ (৩২) ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক শাহিন শেখসহ (২৯) ৮/১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন বলে তারা অভিযোগ করেন।

 

এদের মধ্যে আহত খালিদ ও ইকবালের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


অন্যদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আহত বিএনপি নেতারা দাবি করেছেন, জামায়ত কর্মীদের সশস্ত্র হামলায় সহায়তা করেছে স্থানীয় ভাটপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।


তবে, উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ মাসুদ রানা হামলার ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকেসহ দলের ৩০/৪০ জনকে পিটিয়ে আহত করে দায়ভার তাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। হামলার সময় স্থানীয় পুলিশ কোনো প্রকার সহযোগিতা করেনি বলে দাবি করেন তিনি।


এ ব্যাপারে অভয়নগর থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


No comments:

Post a Comment

Pages