সময় ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার কৃতিসন্তান ব্যারিস্টার এম এ সালাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। এম এ সালাম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক।
শনিবার (২০ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মেহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর আগে ব্যারিস্টার এম এ সালাম রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
বিগত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে ধানের শীষের টিকেট প্রত্যাশী ছিলেন তিনি। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেতে জোর তদবির চালান। কিন্তু দল বর্তমান এমপি এম এ মালিককে মনোনয়ন দেয়। এরপর কিছুটা মনক্ষুণ্ণ হন ব্যারিস্টার সালাম। তবে এই ত্যাগের বড় পুরস্কার হিসেবে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যানের দায়িত্ব পান বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ব্যারিস্টার এম এ সালাম স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে হামলা-মামলায় জর্জরিত বিএনপির নেতাকর্মীদের আর্থিক ও আইনিভাবে সহযোগিতা করেছেন।
এছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে দলের পক্ষে জোরালো ভূমিকা রেখেছেন। ২০২৪ এর ৫ আগস্ট পরবর্তী দলকে সংগঠিত করতে ব্যারিস্টার আব্দুস সালাম দলীয় কর্মসূচিসহ মিটিং, মিছিল, মতবিনিময় সভাসহ রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রাখেন।
তাছাড়া সামাজিক সংগঠনের মাধ্যমে গরীব অসহায় মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করছেন। বিশেষ করে সিলেট-৩ আসনের অন্তর্গত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনকে সুসংগঠিত করে সকল ধরনের সহযোগিতা দিয়ে তিনি পাশে ছিলেন।
ব্যারিস্টার আব্দুস সালাম পারিবারিকভাবেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তাঁর পিতা মাহমুদ মিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনে অনুপ্রাণিত হয়ে সারাজীবন বিএনপির হয়ে কাজ করেছেন। ব্যারিস্টার সালাম হাইস্কুলের ছাত্র থাকাকালীন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যোগ দেন। তিনি সিলেট সরকারি কলেজ, সিলেট জেলা ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

No comments:
Post a Comment