সময় ডেস্ক : সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকের চাপায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে জৈন্তাপুরের দরবস্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এএসআই আতিকুর রহমান জৈন্তাপুর মডেল থানায় কর্মরত ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে মারা যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এএসআই মো. আতিকুর রহমান জৈন্তাপুর থানায় কর্মরত ছিলেন। তিনি মোটরসাইকেলযোগে নিয়মিত ডিউটির উদ্দেশ্যে বের হয়েছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বিকেল ৫টার দিকে মারা যান।
নিহত এএসআই মো. আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার চর বিশুদিয়া গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এ ঘটনায় জৈন্তাপুর থানা ও স্থানীয় পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

No comments:
Post a Comment