সময় ডেস্ক : ফুটবল বিশ্বকাপ মানেই সমর্থকদের আবেগ, উন্মাদনা আর নানা ব্যতিক্রমী কাণ্ড। সেই উন্মাদনারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার এক আর্জেন্টিনা সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া চ্যালেঞ্জ রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া করেছেন ফয়সাল আহমেদ জুম্মান (২৩) নামের এক যুবক।
ফয়সাল বকশীগঞ্জ সদর ইউনিয়নের সাধুরপাড়া এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত।
স্থানীয় ও সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ঘোষণা দেন ফয়সাল। সেখানে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করে এলাকায় ঘুরবেন।
পরদিন শনিবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে জয় তুলে নেয় ব্রাজিল। ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যঘমে দেওয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে এক মুহূর্তও দেরি করেননি ফয়সাল। আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়েই সাধুরপাড়া এলাকায় তিনি মাথা ন্যাড়া করেন। এসময় এই ব্যতিক্রমী কাণ্ড দেখতে স্থানীয় ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষজন ভিড় জমান।
মুহূর্তের মধ্যেই বিষয়টি পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। উপস্থিত অনেকেই এই দৃশ্য ছবি ও ভিডিওতে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
স্থানীয়দের মতে, ফুটবল খেলাকে ঘিরে সমর্থকদের মধ্যে এমন বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা ও খুনসুটি বিনোদনেরই বহিঃপ্রকাশ। ফয়সালের এই কাণ্ড এলাকায় বেশ আনন্দ ও কৌতূহলের সৃষ্টি করেছে।
চ্যালেঞ্জ পূরণের পর ফয়সাল আহমেদ জুম্মান বলেন, খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি মূলত মজা করেই ফেসবুকে এই চ্যালেঞ্জটি দিয়েছিলাম। যেহেতু ব্রাজিল জিতেছে, তাই নিজের কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি। প্রতিশ্রুতি যখন দিয়েছি, তা তো রাখতেই হবে।

No comments:
Post a Comment