এক বছরে রেলের লোকসান ১,৮৮৯ কোটি টাকা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 19 July 2026

এক বছরে রেলের লোকসান ১,৮৮৯ কোটি টাকা


সময় ডেস্ক : :
২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের মোট লোকসান দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৯ কোটি ৬২ লাখ টাকা। এ সময়ে রেলওয়ের মোট আয় হয়েছে ২ হাজার ৬৬ কোটি ৩৮ লাখ টাকা, বিপরীতে পরিচালন ব্যয় হয়েছে ৩ হাজার ৯৫৫ কোটি টাকা।


রোববার (১৯ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের অর্থবছরের তুলনায় রেলওয়ের আয় বেড়েছে ২২১ কোটি টাকার বেশি। ২০২৪-২৫ অর্থবছরে যেখানে আয় ছিল ১ হাজার ৮৪৫ কোটি টাকা, সেখানে ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে হয়েছে ২ হাজার ৬৬ কোটি ৩৮ লাখ টাকা।


রেলওয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আয় বেড়েছে যাত্রী পরিবহন খাতে। ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে আয় বৃদ্ধি পেয়েছে ২৫৬ কোটি টাকা।


তবে ইঞ্জিন সংকটের কারণে মালামাল পরিবহন খাতে আয় কমেছে ৮ কোটি ৩৪ লাখ টাকা। অন্যদিকে ভূ-সম্পত্তি খাতে ৩ কোটি টাকা এবং অপটিক্যাল ফাইবার লিজ থেকে ১১ কোটি ৫২ লাখ টাকা অতিরিক্ত আয় হয়েছে।


এ ছাড়া পরিবহন ও বাণিজ্যিক খাতে ভেন্ডিং লাইসেন্স এবং অন্যান্য উৎস থেকে আয় কমেছে প্রায় ২৪ কোটি ৩৪ লাখ টাকা।


রেলওয়ের পরিচালন ব্যয়ের মধ্যে বেতন-ভাতা, পেনশন, রেলপথ ও রোলিং স্টকের রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত রয়েছে। এসব ব্যয় বিবেচনায় ২০২৫-২৬ অর্থবছরে আয়-ব্যয়ের অনুপাত (অপারেটিং রেশিও) দাঁড়িয়েছে ১ দশমিক ৯১, যা আগের অর্থবছরে ছিল ২ দশমিক ০৯। অর্থাৎ আয় ও ব্যয়ের ব্যবধান কিছুটা কমেছে।


তবে রেলওয়ের দাবি, প্রতিবছর প্রায় ১ হাজার কোটি টাকা পেনশন খাতে ব্যয় হয়, যা পরিচালন ব্যয়ের সঙ্গে যুক্ত করাকে তারা সমীচীন মনে করে না। এই ব্যয় বাদ দিলে অপারেটিং রেশিও দাঁড়ায় ১ দশমিক ৪৩ এবং সে হিসাবে পেনশন ব্যতীত রেলের আয়-ব্যয়ের ঘাটতি থাকে ৮৮৮ কোটি ৬২ লাখ টাকা।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ রেলওয়ে একটি রাষ্ট্রীয় গণপরিবহন ব্যবস্থা হওয়ায় যাত্রীদের জন্য রেয়াতি ভাড়া বহাল রাখা হয়েছে। ২০১৬ সালের পর থেকে এখন পর্যন্ত রেলভাড়া বৃদ্ধি করা হয়নি। এ সময়ে রক্ষণাবেক্ষণ ব্যয়, আমদানিনির্ভর পণ্যের মূল্য, ডলারের বিনিময় হার, কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন এবং জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।


রেলওয়ের মতে, প্রায় এক দশক ধরে রেলভাড়া অপরিবর্তিত রয়েছে। অন্যান্য পরিবহন মাধ্যম ও বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে রেলভাড়া যৌক্তিকভাবে সমন্বয় করা হলে আয়-ব্যয়ের ব্যবধান আরও কমে আসবে। তাই বাংলাদেশ রেলওয়েকে শুধু লোকসানি প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা সমীচীন নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


No comments:

Post a Comment

Pages