সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, আব্দুল কুদ্দুসকে চট্রগ্রামে বদলি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 21 July 2026

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, আব্দুল কুদ্দুসকে চট্রগ্রামে বদলি


সময় ডেস্ক : :
বাংলাদেশ পুলিশে কর্মরতদের নিয়মিত রদবদলের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। 


এসএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীম। 


মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়। 



এসএমপির বর্তমান কমিশনারকে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।


উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।


গুরুত্বপূর্ণ অন্য পরিবর্তনগুলোর মধ্যে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তার স্থলে ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।


এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ সদর দপ্তর, সিআইডি, শিল্পাঞ্চল পুলিশ এবং পাবনা জেলা পুলিশসহ বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।


সরকারের নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুততম সময়ের মধ্যে কর্মস্থলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।


সারোয়ার মুর্শেদের পরিচয়

নতুন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সন্তান। বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশে আনুষ্ঠানিকভাবে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ পেশাগত জীবনে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পুলিশের সম্মানজনক ‘বাংলাদেশ পুলিশ পদক’-এ (বিপিএম) ভূষিত হন। 


তিনি ২০২১ সালের জানুয়ারি মাসে তিনি উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদ থেকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পান এবং পরবর্তীতে পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও জেলায় দায়িত্ব পালন করেছেন। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতির পূর্বে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে কর্মরত ছিলেন। 


এর আগে তিনি ঢাকায় পুলিশের টেলিকম, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক, দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) এবং ঐতিহ্যবাহী সারদা পুলিশ একাডেমিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।



No comments:

Post a Comment

Pages