নিজস্ব সংবাদদাতা : সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের হাতে এক ভুয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আটক হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) রাত পৌনে ১১টায় হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন দুধওয়ালা কিচেন রেস্টুরেন্ট থেকে সেই প্রতারক কে আটক করে থানা পুলিশ।
আটককৃত আশরাফুল আম্বিয়া জায়ান আহমেদ (৩০) এর স্থায়ী বাড়ি গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণের রায়গড় গ্রামে। তার পিতার নাম মৃত আব্দুল মুকিত। সে বসবাস করে বিশ্বনাথ থানার তাতিকোনা ইসলামপুরে ও সিলেট নগরীর রায়নগর, দর্জিবন্দ এলাকার ১১০ নং বাসায়।
পুলিশ জানায়, আশরাফুল আম্বিয়া জায়ান আহমেদ দীর্ঘদিন ধরে নিজেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ডিবি শাখার এডিসি পরিচয় দিয়ে সিলেট মহানগরের বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অবৈধ সুবিধা গ্রহণ করে আসছিল।
ঘটনার দিন সে একইভাবে ওই রেস্টুরেন্টে উপস্থিত হয়ে চা পান করে এবং উপস্থিত ব্যক্তিদের নিকট এসএমপি’র ডিসি (ডিবি)-এর মোবাইল নম্বর জানতে চান।
সে সময় সেখানে উপস্থিত সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তার পরিচয় যাচাই করতে গেলে তিনি নিজেকে এডিসি (ডিবি), ডিএমপির অফিসার হিসেবে নিজেকে পরিচয় দেন।
পরবর্তীতে তার আচরণে সন্দেহ হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তাৎক্ষণিক পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন।
প্রতারক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিজেকে ভুয়া পরিচয়ে প্রতারণা করার বিষয়টি স্বীকার করে। বর্তমানে তাকে দক্ষিণ সুরমা থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে মফিজুর রহমান জানিয়েছেন।

No comments:
Post a Comment