সময় ডেস্ক : সিলেটে সরকারকর্তৃক নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিল করায় একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানাধীন এলাকা থেকে ওমর ফারুক নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওমর ফারুক সরাসরি মিছিলে অংশ নিয়েছিলো। তদন্তের স্বার্থে তাকে আটক করা হয়েছে।”
এর আগে শুক্রবার সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় ছাত্রলীগের ব্যানারে এ মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে অগ্রসর হয়।
ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ওই ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া কয়েকজন ছাড়া অধিকাংশ নেতাকর্মীর মুখে কালো মাস্ক এবং মাথায় হেলমেট ছিল।
মিছিলের নেতৃত্বে ছিলেন সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দেলওয়ার হোসেন (রাহি) ও যুগ্ম সাধারণ সম্পাদক টেলেন্ট কান্তি দাশ।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগকে সম্প্রতি রাজনৈতিক সহিংসতার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞার মধ্যেও সংগঠনের এই মিছিলকে কেন্দ্র করে সিলেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্কতা জোরদার করা হয়েছে।

No comments:
Post a Comment