সময় ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক এমপি অ্যাডভোকেট রঞ্জিত সরকার, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক সিসিক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) সকালে নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল বের হওয়ার প্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে বলে জানা যায়। বুধবার সন্ধ্যারাতে হামলার ঘটনা ঘটে।
জানা যায়, নগরীর হাউজিং এস্টেট এলাকাস্থ শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় সন্ধ্যার পর বেশ কয়েকজন মিছিল সহকারে বাসায় ঢুকে পড়ে। এসময় তারা বাসার সিসি ক্যামেরা, ল্যাপটপ ভাংচুর করে।
একই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায়ও হামলার ঘটনা ঘটে। একইভাবে হামলাকারীরা সাবেক এমপি রঞ্জিত সরকার ও সাবেক কাউন্সিলর আফতাব হোসেনের বাসায়ও হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে।
আওয়ামীলীগের নেতাদের বাসায় হামলার ঘটনায় কেউ আহত হয়নি।
নগরীর মেজরটিলা এলাকায় অবস্থিত ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদের বাসায় বাসায় হামলা চালানো হয়।
সন্ধ্যা সাতটার দিকে রুহেলের বাসায় হামলার সময় তাঁর মা ও বোন বাসায় ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে সিলেট নগরীতে মিছিল বের করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪জনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন জনতা।
এ বিষয়ে এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে মিছিলকারীদের ৪জনকে গ্রেফতার করেছি। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় হামলা চালিয়ে ভাংচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। শুনেছি বিক্ষুব্ধ ছাত্র জনতা এই হামলা চালিয়েছে।

No comments:
Post a Comment