সময় ডেস্ক : : সাংবাদিকদের প্রতিবাদ ও ২৪ ঘণ্টার আলটিমেটামের একদিনের মধ্যেই পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলামকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের আদেশে এ বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি আব্দুল্লাহ আল জহির স্বাক্ষরিত এক আদেশে পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রাশিদুল ইসলামকে প্রত্যাহার করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য তাকে ছাড়পত্র গ্রহণ করতে হবে। অন্যথায় ২০ সেপ্টেম্বর থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
সম্প্রতি নাফিসা নামে এক তরুণী পাবনা প্রেস ক্লাবের সম্পাদক জহুরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি পাবনা সদর থানায় অভিযোগ করেন।
জানা যায়, ভিডিওটি পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে ধারণ করা হয়েছিল। পরবর্তীতে নাফিসা ভিডিওবার্তা এবং নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করেন, সুবর্ণা হালিম নামের এক নারী নেত্রী তাকে জিম্মি করে ভিত্তিহীন অভিযোগ করতে বাধ্য করেছিলেন।
তার ভাষ্য অনুযায়ী, ডিবি কার্যালয়ের ভেতরে বাবা-মায়ের উপস্থিতিতে সোহেল রানা বিপ্লব নামে এক ব্যক্তি ওই বক্তব্যের ভিডিও ধারণ করেন। পরে জিম্মিদশা থেকে মুক্ত হওয়ার পর তিনি থানায় দেওয়া অভিযোগটি লিখিতভাবে প্রত্যাহার করে নেন।
এ ঘটনার পর সাংবাদিকদের হয়রানি ও বানোয়াট ঘটনা সাজাতে ডিবি ওসি রাশিদুল ইসলামের প্রত্যক্ষ মদদের অভিযোগ তোলেন সাংবাদিক নেতারা।
তাদের অভিযোগ, পাবনায় মাদক ব্যবসা, জমি দখল ও ব্ল্যাকমেইলিংয়ে জড়িত একটি চক্রের বিরুদ্ধে মূলধারার সাংবাদিকরা অবস্থান নেওয়ায় অসাধু পুলিশ কর্মকর্তা ও একটি মহল পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) পাবনা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে ডিবি ওসি রাশিদুল ইসলামের তাৎক্ষণিক প্রত্যাহার ও শাস্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। একই সঙ্গে জেলার শতাধিক সংবাদকর্মী পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়ে তার অপসারণ ও দ্রুত বিচারের দাবি জানান।
তার পরদিনই পুলিশ সদর দপ্তর থেকে রাশিদুল ইসলামকে রংপুর রেঞ্জে সংযুক্ত করার আদেশ জারি করা হয়।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, রাশিদুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যেই পুলিশ সদর দপ্তর থেকে তার বদলির আদেশ এসেছে।
পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান বলেন, আইন লঙ্ঘন করে ডিবি ওসি অন্যায় কাজে প্রশ্রয় ও মদদ দিয়েছেন বলে তাদের অভিযোগ ছিল। সে কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছিল।
তিনি বলেন, বদলির সিদ্ধান্তকে সাংবাদিক সমাজ ইতিবাচকভাবে দেখছে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে কোনো পুলিশ কর্মকর্তা যেন সাংবাদিকদের সঙ্গে এ ধরনের আচরণ না করেন, সে বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন মহলের প্রতি তিনি আহ্বান জানান।

No comments:
Post a Comment