নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 24 January 2025

নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা


সময় ডেস্ক :
চট্টগ্রামের রাউজানে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আব্বাস উদ্দিন (২৭) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।


শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আছাদ আলী মাতব্বর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম একই এলাকার আবু ছৈয়দ মেম্বারের ছেলে। নগরীর চাকতাইয়ে জাহাঙ্গীর ট্রেডার্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও নোয়াপাড়ায় মকসুদ কমিউনিটি সেন্টার নামে তাদের একটি পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।


গুলিবিদ্ধ আব্বাস উদ্দিন সম্পর্কে নিহত জাহাঙ্গীরের ভাগিনা এবং মাকসুদ কমিউনিটি সেন্টারের ম্যানেজার জানান, বর্তমানে নগরীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।


জানা যায়, নিহত জাহাঙ্গীর আলম গতরাতে মালয়েশিয়া থেকে দেশে এসেছেন। তিনি পরিবার পরিজন নিয়ে নগরীতে বসবাস করেন। শুক্রবার মোটরসাইকেল যোগে তার ভাগিনা আব্বাস উদ্দিনকে সঙ্গে নিয়ে নামাজ পড়তে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাদের এলোপাথাড়ি গুলি করে। এতে দুইজনই গুলিবিদ্ধ হলে স্থানীয়রা উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।


রাউজান থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি গুলিতে একজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ হতাহতের ঘটনা তদন্ত করছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।


No comments:

Post a Comment

Pages