সিলেটের প্রবাসীদের পর্যটনে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 15 September 2026

সিলেটের প্রবাসীদের পর্যটনে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির


সময় ডেস্ক : :
সিলেটের পর্যটন শিল্পে প্রবাসীদের আরো বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সিলেট বাংলাদেশের একটি গর্বিত অঞ্চল। এ অঞ্চলের মানুষ বিভিন্ন সময়ে দেশের নেতৃত্ব দিয়েছেন এবং জাতিকে পথ দেখিয়েছেন।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।


রাষ্ট্রপতি বলেন, ‘এই সিলেট একটি গর্বিত জায়গা। কারণ, এখানে যাদের জন্ম হয়েছে তারা বিভিন্ন সময়ে দেশের নেতৃত্ব দিয়েছেন, জাতিকে নেতৃত্ব দিয়েছেন।’


দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বহু ত্যাগ-তিতিক্ষা, রক্তপাত এবং মানুষের প্রাণের বিনিময়ে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এর মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।


মির্জা ফখরুল বলেন, ‘আজকে একটা নির্বাচন হয়েছে। অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে আন্তর্জাতিকভাবে। নির্বাচনের মধ্য দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এখানে সরকার গঠন হয়েছে। এই সরকার চেষ্টা করছে অতিদ্রুততার সঙ্গে দেশকে কী করে একটা ভগ্নস্তূপ থেকে আবার জাগিয়ে তোলা যায়।’


গণতন্ত্রের সংগ্রামকে ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘আমি প্রায়ই আপনাদের বলতাম- আমরা যারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কাজ করি, তারা অনেকটা ফিনিক্স পাখির মতো। ধ্বংস হয়ে যায়, সেই ধ্বংসস্তূপ থেকে আবার সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।’


গণতন্ত্র রক্ষাকে বর্তমান সময়ের সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘গণতন্ত্র পেয়েছি। গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় দায়িত্ব।’


তিনি বলেন, দেশে সরকারি দল ও বিরোধী দল- উভয়েরই প্রধান দায়িত্ব হবে গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা। একই সঙ্গে জাতীয় সংসদকে কার্যকর করার ওপরও গুরুত্ব দেন তিনি।


রাষ্ট্রপতি বলেন, ‘প্রধান দায়িত্ব হবে যে সংসদ আছে, সেই সংসদকে ফাংশনাল করা। তাকে যেন কাজ করে ঠিকমতো, সেইভাবে কাজ করার চেষ্টা করা। অন্যান্য বিষয়গুলোতে দ্বিমত থাকতে পারে। সেই দ্বিমতগুলো আলাপ-আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান করা সম্ভব।’


এর আগে মঙ্গলবার বেলা ১১টা ২৯ মিনিটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতি হিসেবে ফখরুল ইসলাম আলমগীর প্রথমবার সিলেট সফর করেন।


No comments:

Post a Comment

Pages