এআই সকল মানুষকে হত্যা করতে পারে : ভয়ংকর সতর্কবার্তা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 9 September 2026

এআই সকল মানুষকে হত্যা করতে পারে : ভয়ংকর সতর্কবার্তা


সময় ডেস্ক : :
আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ‘সব মানুষকে নিশ্চিহ্ন করে দিতে পারে’। এমন শঙ্কা ১০ শতাংশের বেশি বলে সতর্ক করেছেন এআই নিরাপত্তা নিয়ে কাজ করা অ্যানথ্রপিকের এক শীর্ষ গবেষক।


অ্যানথ্রপিকের গবেষক ইভান হুবিঙ্গার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, বর্তমানে বিদ্যমান মডেলগুলোর কারণে ঝুঁকি ‘কম’। তবে প্রযুক্তিটি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এবং শিগগিরই এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যেখানে এআই নিজেই নিজেকে উন্নত করতে সক্ষম হবে। 


তখন মানবজাতির অস্তিত্বের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।


ভবিষ্যতে কীভাবে এআইয়ের কারণে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি হুবিঙ্গার। তবে তার মন্তব্য এআই নিয়ে সাম্প্রতিক সময়ে ক্রমশ জোরালো হয়ে ওঠা সতর্কবার্তার সর্বশেষ উদাহরণ।


এআই আসলেই ঝুঁকিপূর্ণ কি না- সেই বিতর্ক এখন অনেকটাই সরে গিয়ে ঝুঁকির মাত্রা কতটা, তা নিয়ে আলোচনায় পরিণত হয়েছে।

অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সনের এক্সে দেয়া পোস্টের জবাবে হুবিঙ্গার এসব মন্তব্য করেছেন। 


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কক্সন সম্প্রতি অ্যানথ্রপিক ছেড়েছেন। এর আগে তিনি ওপেনএআইয়েও কাজ করেছেন।


কক্সন লিখেন, কোনো প্রতিষ্ঠানই দায়িত্বশীল আচরণ করছে না। শিগগিরই এগুলো এমন অতিমানবীয় সক্ষমতার সিস্টেমে পরিণত হবে, যা যেকোনো কিছু হ্যাক করতে পারবে, রাতারাতি যেকোনো ক্ষেত্রকে আমূল বদলে দিতে পারবে এবং বাস্তব ক্ষমতা ও সম্পদ অর্জন করতে পারবে।


জাতিসংঘকে এআই বিষয়ে পরামর্শ দেয়া কম্পিউটার বিজ্ঞানী ডেম ওয়েন্ডি হল হুবিঙ্গার ও কক্সনের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ‘হতবাক’ হয়েছেন বলে জানিয়েছেন।


বিবিসি রেডিও ফোরের ‘ওয়ার্ল্ড অ্যাট ওয়ান’ অনুষ্ঠানে তিনি বলেন, এসব মন্তব্যের কিছু অংশ হয়তো ‘জনসংযোগ ও বিপণন কৌশলের’ অংশ হতে পারে। কারণ অ্যানথ্রপিক ও ওপেনএআই- দুটি প্রতিষ্ঠানই বহুল প্রত্যাশিত শেয়ারবাজারে প্রবেশের দিকে এগোচ্ছে।


এদিকে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, অ্যানথ্রপিক তাদের সর্বশেষ এআই মডেলটি যুক্তরাজ্যের এআই সেফটি ইনস্টিটিউটের (এআইএসআই) কাছে দেয়নি। প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম শীর্ষ এআই ঝুঁকি মূল্যায়নকারী সংস্থা।


অ্যানথ্রপিক তাদের কর্মীদের এসব পোস্ট কিংবা এআইএসআই সংক্রান্ত পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।


No comments:

Post a Comment

Pages