সময় ডেস্ক : সিলেটে ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করা হয়েছে। দুষ্কৃতকারীরা যে কোনো সময় গ্রেফতার হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।
হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা সরকারি অ্যাম্বুলেন্স পুড়ানোর ঘটনায় চালক আব্দুল কাদির লিটন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাতনামা ৫ জনসহ অনেককে আসামি করা হয়েছে।
মামলার তদন্তভার দেয়া হয়েছে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রাসুল সামদানী আজাদকে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে, গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রসঙ্গঃ রোববার রাত পৌনে ৩টার দিকে সিলেটের ডাঃ শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা সরকারি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের ঘটনা না ঘটলেও সরকারি অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে যায়।
শামসুদ্দিন হাসপাতালের আরএমও (আবাসিক চিকিৎসা কর্মকর্তা) ডা. মিজানুর রহমান চৌধুরী রোববার (১৬ নভেম্বর) গণমাধ্যমকে জানান- এটি একটি চরম অমানবিক কাজ। রোগী বহনের গাড়ি জ্বালিয়ে দেওয়া কোনো রাজনীতি হতে পারে না। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
সিলেট ফায়ার সার্ভিস সূত্র জানায়, শামসুদ্দিন আহমদ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৩টার ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। এ সময়ই খবর আসে- কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের টিম সেখানে গিয়ে সেই বাসেরও আগুন নিয়ন্ত্রণ করি।

No comments:
Post a Comment