সময় ডেস্ক : : চট্টগ্রামে কর্মরত এক পুলিশ কর্মকর্তার কক্সবাজারের বাসায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ ঘটনায় ওই কর্মকর্তার শ্যালক, তার স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরতলীর হাজীপাড়া এলাকায় পুলিশ কর্মকর্তা শহীদের বাসায় অভিযান চালানো হয়।
ডিএনসি কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সৌমেন মণ্ডল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পুলিশ কর্মকর্তা শহীদের বাসা থেকে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন পুলিশ কর্মকর্তা শহীদের শ্যালক মোমেন মেহেদী আশিক, তার স্ত্রী সাদিয়া ফারহানা এবং কিশোর বয়সী এক সহযোগী।
ডিএনসি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, কক্সবাজার হয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যেই তারা ওই বাড়িতে অবস্থান করছিলেন। আটক ব্যক্তিরা কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা।
তবে পুলিশ কর্মকর্তা শহীদ নিজে মাদক কারবারের সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি ডিএনসি। এমন ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ডিএনসির উপপরিচালক সৌমেন মণ্ডল বলেন, উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং আটক ব্যক্তিদের দীর্ঘদিনের মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

No comments:
Post a Comment