চটপটি-ভেলপুরি খেয়ে ২'শত মানুষ অসুস্থ, বিক্রেতা কারাগারে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 3 April 2025

চটপটি-ভেলপুরি খেয়ে ২'শত মানুষ অসুস্থ, বিক্রেতা কারাগারে


সময় ডেস্ক :
যশোরের অভয়নগরে চটপটি ও ভেলপুরি খেয়ে ২ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় বিক্রেতা মনির হোসেনকে (২৫) আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বুধবার রাতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে। 


বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ।


গ্রেপ্তার মনির হোসেন মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুল লতিফ মিন্টুর ছেলে।


এ বিষয়ে অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ বলেন, গত ৩১ মার্চ ঈদের দিন দেয়াপাড়া ভৈরব নদীর পূর্ব পাড়ে মনির হোসেন নামে এক ব্যক্তি চটপটি ও ভেলপুরির অস্থায়ী দোকান দেন। নদীর পাড়ে ঘুরতে যাওয়া বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা তার দোকান থেকে চটপটি ও ভেলপুরি খান। পরে গভীর রাত থেকে তারা পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করেন। পরদিন পর্যন্ত দুই শতাধিক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।


তিনি বলেন, এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। বিষয়টি চাঞ্চল্যকর হওয়ায় ওই ফুচকা দোকানিকে আটকে অভিযান শুরু করে পুলিশ। সর্বশেষ বুধবার রাতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে চটপটি বিক্রেতা মনিরকে আটক করা হয়। 


তিনি আরও বলেন, বিক্রেতা মনির হোসেনের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে তানজিম হোসাইন নামে এক ভুক্তভোগী মামলা দায়ের করেছেন। ওই মামলায় বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান।


No comments:

Post a Comment

Pages