সময় ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যের সুরাটে ভুয়া মেডিকেল ডিগ্রি প্রদানের একটি চক্রের সন্ধান পাওয়া গেছে। মাত্র ৭০ হাজার রুপি খরচ করে কোনো প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই ডাক্তার হওয়ার সুযোগ করে দিত এই চক্র। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই চক্র "বোর্ড অব ইলেকট্রো হোমিওপ্যাথিক মেডিসিন" নামে একটি ভুয়া বোর্ড তৈরি করে মানুষের কাছ থেকে অর্থের বিনিময়ে ভুয়া ডিগ্রি প্রদান করত। পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে তারা শতাধিক ভুয়া সার্টিফিকেট, আবেদনপত্র ও স্ট্যাম্প উদ্ধার করেছে।
তদন্তে জানা গেছে, তিন বছরের কম সময়ে এই ডিগ্রি কোর্স সম্পন্ন করা যেত। ডিগ্রি নেওয়ার পর প্রতি বছর সেটি রিনিউ করার জন্য ৫ হাজার থেকে ১৫ হাজার রুপি পর্যন্ত ফি আদায় করা হতো। যারা এই ফি দিতে অস্বীকৃতি জানাতেন, তাদের হুমকি দেওয়া হতো।
পুলিশের অভিযানে ১৪ জন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে, যারা এই চক্র থেকে ভুয়া ডিগ্রি কিনে বিভিন্ন ক্লিনিকে কাজ করছিলেন। অভিযুক্তদের মধ্যে চক্রের মূল হোতা ড. রমেশ গুজরাটিও রয়েছেন। তার বিরুদ্ধে ভুয়া ডিগ্রি বিক্রির পাশাপাশি মনগড়া বোর্ড পরিচালনার অভিযোগ আনা হয়েছে।
ভুয়া চিকিৎসকরা নিজেদের "গুজরাটের আয়ুষ মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ" বলে দাবি করতেন। সাধারণ মানুষকে প্রভাবিত করতে তারা হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথি চিকিৎসার নামে প্রতারণা করতেন। পুলিশ জানিয়েছে, চক্রটি একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে সেখানে ডিগ্রির রেজিস্ট্রেশন দেখাত। তবে গুজরাট সরকার কখনোই এমন কোনো বোর্ডকে স্বীকৃতি দেয়নি।
এই চক্রের কারণে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে। পুলিশ ও রাজস্ব বিভাগের যৌথ অভিযান সাধারণ মানুষকে এই ধরনের প্রতারণা থেকে রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পুলিশ জানিয়েছে, চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খুঁজে বের করার জন্য তদন্ত চলছে। পাশাপাশি সাধারণ মানুষকে এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে।

No comments:
Post a Comment