যে কারণে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 16 October 2024

যে কারণে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন


সময় ডেস্ক :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সম্পত্তিগত বিরোধে ছেলে মো. রোমানের ধারালো ছুরিকাঘাতে বাবা মো. আব্দুস সোবহান (৫২) নিহত হয়েছে।


বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া আমতলা গ্রামের প্রধান বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ছেলে মো. রোমান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মো. রোমানের স্ত্রী মীম আক্তারকে (২০) থানায় নিয়ে যায় পুলিশ।


সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ওসি রবিউল হক।


এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির, মতলব উত্তর থানার ওসি রবিউল হক ও পুলিশের একটি দল।


নিহত আব্দুস সোবহানের ছোট ছেলে জাহিদ হাসান জানান, আমার মেঝো ভাই প্রবাস ফেরত রোমান ধারালো ছুরি দিয়ে বাবার পেটে, বুকে ও বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত করে। যার ফলে তার প্রচুর রক্তক্ষরণ হয়। পরবর্তীতে আমার বাবাকে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


স্থানীয়রা জানান, আব্দুস সোবহানের স্ত্রী মৃত শিরিন বেগম গত কয়েক বছর আগে মারা যান। স্ত্রী মারা যাওয়ার দুই বছর পর থেকে আব্দুস সোবহান পুনরায় দ্বিতীয় বিয়ে করার জন্য ছেলেদেরকে বললে ছেলেরা দ্বিমত পোষণ করেন এবং উল্টো ছেলেরা মিলে বাবাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এই নিয়ে বাবা ছেলেদের মধ্যে প্রায় বাকবিতণ্ডা ও ঝগড়াঝাটি হয়। মূলত এসব বিষয় নিয়ে হত্যার ঘটনা হয়েছে বলে স্থানীয়দের ধারণা।


সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির জানান, বুধবার দুপুরে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুস সোবহানের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


তিনি আরো জানান, ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের অভিযুক্ত ছেলে মো. রোমান পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।


No comments:

Post a Comment

Pages