সময় ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এ যুগের কার্ল মার্কস আখ্যা দিয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালিক বলেন, তিনি সরকারের কাছ থেকে কোনো 'ফেভার' চান না। আইনি লড়াই করবেন। অচিরেই আইনি লড়াই করে দেশে ফিরে আসবেন তারেক রহমান।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় কর্মীদের দেয়া সংবর্ধনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপার্সনের এ উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে আইনের শাসন থাকলে, তিনি ন্যায় বিচার পাবেন বলেও জানান। তারেক রহমান ড. ইউনুসের পাশে থেকে সময় দিতে চান বলেও জানান এম এ মালিক। ড. ইউনুসের প্রতি বিএনপি আস্থাশীল। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করবেন বলেও মনে করে বিএনপি।
মালিক বলেন, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ১৪ বিলিয়ন ইউএস ডলার পাচার করেছে, এফবিআইও তার বিরুদ্ধে মামলা করেছে। বিএনপি জয়ের বিচার ও অর্থ ফেরত আনার দাবি করছে বলেও জানান তিনি।
এর আগে দুপুরে ঢাকা থেকে আকাশপথে সিলেটে এসে পৌঁছান যুক্তরাজ্য বিএনপির সভাপতি।
এসময় ফুলের শুভেচ্ছায় তাঁকে বরণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদান হোসেন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর পর দেশে ফিরেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালিক।

No comments:
Post a Comment