সময় ডেস্ক : কক্সবাজারের সেন্টমার্টিন থেকে ২ হাজার বেওয়ারিশ কুকুর নিধন না করে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় পূনর্বাসনের জন্য নেয়া হচ্ছে।
টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মুহিবুল্লাহ জানান, সেন্টমার্টিন দ্বীপে প্রায় ২ হাজার কুকুর রয়েছে। এর সবগুলোই বেওয়ারিশ। এসব কুকুর দ্বীপের সব জায়গায় অবাধে বিচরণ করে বেড়ানোর কারণে পর্যটকদের জন্য অনিরাপদ ও সামুদ্রিক প্রাণীদের প্রজননে হুমকি হয়ে দেখা দিয়েছে। এ কারণে কুকুরগুলো স্থানান্তর করে মূল ভূখণ্ডে সরিয়ে নেয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
টেকনাফ উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
সেন্টমার্টিনের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, এ উদ্যোগটি খুবই সময়োপযোগী। দ্বীপে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে যাচ্ছিল। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল কুকুরের উপদ্রব। কুকুরগুলো নিধন করার ব্যাপারেও বিধিনিষেধ আছে। তাই অন্যস্থানে পূনর্বাসনের উদ্যোগটি অবশ্য প্রশংসনীয়।
রোববার সেন্টমার্টিন দ্বীপে এই কুকুর পূণর্বাসন কমসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, নতুন নিয়োগ পাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মুহিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রণয় রুদ্র ও সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমুখ।

No comments:
Post a Comment