আরেক দফা বাড়ল খালেদা জিয়ার মুক্তির মেয়াদ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 19 September 2021

আরেক দফা বাড়ল খালেদা জিয়ার মুক্তির মেয়াদ


সময় ডেস্ক :
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। তার পরিবারের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আগের সব শর্ত বহাল রেখে চতুর্থ বারের মতো মুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।


রোববার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার ছোট ভাই শর্ত সাপেক্ষে মুক্তির সময় বৃদ্ধির একটি আবেদন করেছিলেন। পরীক্ষা নিরীক্ষা করে আমরা সেটি অনুমোদন দিয়েছি। আগের মতোই শর্তগুলো থাকবে।


এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদনের অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, খালেদা জিয়ার ছোট ভাই আমাদের কাছে একটি আবেদন নিয়ে এসেছিলেন। আমরা যথাযথ প্রক্রিয়া করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। আপনারা জানেন, আমি বিদেশে ছিলাম। আমি এখনই ফিরেছি। আইন মন্ত্রণালয় যে অভিমত দিয়েছে, সে অনুযায়ী প্রক্রিয়া চলছে।


এরপর রোববার তার জামিনের মেয়াদ বাড়ানোর কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে, খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ছে বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।


উল্লেখ‌্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় খালেদা জিয়াকে। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তাকে কারাদণ্ডাদেশে দেন আদালত।



No comments:

Post a Comment

Pages