১২তম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 9 September 2021

১২তম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর


সময় ডেস্ক :
দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দিক-নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির কার্যনির্বাহী সংসদের সভা শেষে গণভবনের মূল ফটকে দাঁড়িয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 


তিনি বলেন, পরবর্তী (দ্বাদশ) নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করার নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। দলের বিভিন্ন উপকমিটিগুলোর সেমিনারের মাধ্যমে পরবর্তী নির্বাচনের যে ইশতেহার হবে, সেখানে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে সেগুলো আপডেট করার জন্য উপকমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।


ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের বক্তব্য শুনেছেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত দলীয় বিষয়ে কথা বলেছেন।


বিদ্রোহী ইস্যুতে তিনি বলেন, ক্ষমা চেয়ে চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে পাবনা পৌরসভা নির্বাচনের বিদ্রোহীদের ক্ষমা করে দিয়েছেন দলীয়প্রধান।


কাদের বলেন, যেখানে যেখানে সাংগঠনিক সমস্যা আছে, সমাধান করা দরকার সেগুলোর ব্যাপারে নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি। কিছু কিছু ছোট-খাট কলহ-বিবাদ আছে সেগুলোও মীমাংসা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সরকারের বিরুদ্ধে যে অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে। যতই নির্বাচন ঘনিয়ে আসছে, ততই অপপ্রচারের মাত্রা বাড়ছে। এসব অপপ্রচারের জবাব দিতে হবে। চক্রান্তমূলক তৎপরতার বিরুদ্ধে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। 


No comments:

Post a Comment

Pages