প্রধানমন্ত্রীর দোয়া নিলেন সদ্য নির্বাচিত হাবিব - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 11 September 2021

প্রধানমন্ত্রীর দোয়া নিলেন সদ্য নির্বাচিত হাবিব


সময় ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করে দোয়া নিয়েছেন সিলেট-৩ আসনের উপনির্বাচনে সদ্য বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। 


শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গণভবনে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করে ‘পা ছুঁয়ে সালাম করে’ দোয়া নেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই পোস্ট করে জানান। 


পোস্টে হাবিবুর রহমান হাবিব প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তিনটি ছবি প্রকাশ করে লিখেন, ‘সিলেট-৩ আসনের উপনির্বাচনে আমার উপর যে আস্তা ও বিশ্বাস রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ‘নৌকা প্রতীক’ আমানত হিসেবে দিয়েছিলেন-আমি, আমার দলীয় নেতাকর্মী এবং আমার নির্বাচনী এলাকার জনগণ প্রিয় নেত্রীর সেই পবিত্র আমানত রক্ষা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর আরেক কন্যা আমাদের ছোট আপা শেখ রেহানার প্রতি।’ 



পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘আমি বিজয়ী হওয়ার পরপরই আমার প্রিয় নেত্রীকে বলেছিলাম, আপা আমি আপনাকে পা ছুঁয়ে সালাম না করে শপথ গ্রহণ করবো না। এই করোনাকালীন কঠিন সময়ে অনেক প্রতিবন্ধকতা থাকলেও প্রিয় নেত্রী আমাকে সম্মতি দিয়েছেন, সময় দিয়েছেন। আমি মন উজাড় করে কথা বলেছি, কথা বলেছি আমার দলীয় নেতাকর্মী ও দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষের কথা। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দিত আমার এই বিজয়ে।’ 


চলতি বছরের ১১ মার্চ করোনা আক্রান্ত হয়ে মারা যান এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী কয়েস। তাঁর মৃত্যুর পর ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন তফসিল ঘোষণা করে বেশ কয়েক বার পেছানোর পর গত ৪ সেপ্টেম্বর ভোটগ্রহণ হয়। প্রায় তিনগুণ ভোট বেশি পেয়ে জয়ী হন আওয়ামী লীগের এ হাবিবুর রহমান হাবিব।

No comments:

Post a Comment

Pages