সময় ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিক শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিমান যোগে সিলেট পৌছে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন।
সিলেটে বিদিশার সফরকে কেন্দ্র করে জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দের মাঝে তীব্র অসন্তুষ বিরাজ করছে। জাপা’র স্থানীয় নেতৃবৃন্দ বলেছেন, বিদিশা জাতীয় পার্টির কেউ নন। তিনি একটি অভিশাপ। তিনি হুসেইন মুহম্মদ এরশাদকে জীবদ্দশায় অনেক জ্বালিয়েছেন। বিদিশার ওপর অতীষ্ট হয়ে এরশাদ ২০০৬ সালে তাঁকে তালাক দেন। সেই থেকে জাতীয় পার্টির সঙ্গে বিদিশার কোনো সম্পর্ক নেই। শনিবার বাদ জোহর হজরত শাহজালাল (র.)-এর মাজার মসজিদে একটি মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়া ও সদস্যসচিব উসমান আলী।
তারা বলেন, শাহজালালের মাজার জিয়ারতে যে কেউ আসতে পারে। এতে কোনো বাঁধা নেই। তবে মাজার জিয়ারতের নামে সিলেটে কোনো নোংরা রাজনীতি করেতে দেবেন না জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা।
জেলা জাপার নেতারা আরও বলেন, আমাদের জানামতে বিদিশা স্যারের (এরশাদের) ঘরের চাকরানি ছিলেন। তিনি স্যারকে ব্ল্যাকমেইল করেছেন। স্যারের টাকা-পয়সা ও সম্পত্তির লোভে ওই মহিলা এসব করেছেন। তিনি যে সন্তানের (এরিকের) কথা বলছেন, আমাদের জানামতে সে সন্তান স্যারের নয়। ডিএনএ টেস্ট করালেই সব পরিস্কার হয়ে যাবে।
তারা আরও বলেন, জাতীয় পার্টি সিলেটসহ সারাদেশে ঐক্যবদ্ধ। বিদিশা মধ্যখান থেকে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরির পায়তারা করছেন। আমরা সিলেট থেকে দলের শীর্ষ নেতৃবৃন্দের কাছে আবেদন জানাবো- বিষয়টি শক্তহাতে দমন করার জন্য।
এদিকে, সিলেট সফরকালে বিদিশা সিদ্দিক বলেছেন, ‘সিলেটের মানুষ যেভাবে আমাকে রিসিপশন দিয়েছেন, গ্রহণ করেছেন তাতে আমি ভীষণ আবেগাপ্লুত। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ সিলেটকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করতেন। আমিও যাতে এমনটা বলার জায়গায় যেতে পারি সে চেষ্টাই করছি।’ শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে বিদিশা সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘দল পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই আমার এই সফর। আপনারা জানেন, জাতীয় পার্টির অবস্থা এখন ভালো নেই। সরকারের সঙ্গে ভালো সমন্বয়ও নেই। সমন্বয় থাকলে সিলেট-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক আরও ভোট পেতেন এবং এরশাদের লাঙ্গল মার্কা বিজয় লাভ করতো।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদিশা বলেন, ‘আমাকে ঘিরে কোনো উপদল সৃষ্টি হবে না। এরশাদের ছেলে এরিকের ঘোষণা অনুযায়ী আমি মূল জাতীয় পার্টির কো-চেয়ারম্যান।’ সিলেট সফরের মধ্য দিয়ে রাজনীতির নতুন পথে নতুন লক্ষ্যে যাত্রা শুরু করছেন হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। এটা তার দলীয় সাংগঠনিক সফর হিসেবে বলা হলেও মূলত তার এই সফর আগামী নির্বাচনকেন্দ্রিক- এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
একদিনের সিলেট সফরে বিদিশার সঙ্গে ছিলেন এরিক এরশাদ ঘোষিত দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদসহ কয়েজন কেন্দ্রীয় নেতা।

No comments:
Post a Comment