জীববৈচিত্র ডেস্ক : বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে আলোচিত সাভারের চারিগ্রামে শিকর এগ্রো ফার্মের 'রানী' সাভার উপজেলা পশুসম্পদ কর্মকর্তার কার্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
তবে রাণীর মৃত্যু নিয়ে খামার কর্তৃপক্ষের সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: সাজেদুল ইসলাম রাণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্বের সবচেয়ে ছোট গরু রাণী, যেটা আশুলিয়ার চাড়িগ্রামে শিকড় এগ্রোতে ছিল এতোদিন। সেটি আজ হঠাৎ অসুস্থ হয়ে যায়, পেট ফুলে যায়। পেট ফুলার সাথে সাথে সেটাকে বেলা সাড়ে ১১টার দিকে সাভার উপজেলা প্রাণিসম্পদ কেন্দ্রে নিয়ে আসা হয়।
পরে যথাসাধ্য চেষ্টা করা হয়, চিকিৎসা দেয়া হয়, প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পরেও গরুটিকে বাঁচানো সম্ভব হয়নি। গরুটি সোয়া ১২টার দিকে মৃত্যুবরণ করে। গরুটি মারা যাওয়ার পরে খামারের মালিক ওনাদের খামারে নিয়ে গেছেন বলে জানান তিনি।
রাণীর মৃত্যুর ব্যাপারে জানতে শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: আবু সুফিয়ানের মুঠোফোনে বার বার চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে রাণীর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে আশুলিয়ার কুরগাঁওয়ে শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড খামারে গিয়েও রাণীকে পাওয়া যায়নি।
দেশ ও বিদেশে আলোচিত ও গিনেস বুকে নাম লেখানোর অপেক্ষায় থাকা রানীর উচ্চতা ২০ ইঞ্চি ও ওজন ছিল ২৬ কেজি।

No comments:
Post a Comment