সময় ডেস্ক : সম্প্রসারিত হচ্ছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়তন। সিলেট সদর ও দক্ষিণ সুরমার বেশ কিছু এলাকা যুক্ত করে বড় হচ্ছে সিলেট সিটি করপোরেশনের এরিয়া। এ নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেটের জেলা প্রশাসন।
সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত ৯ আগস্ট এক গণবিজ্ঞপ্তিতে সিলেট সিটি করপোরেশনের আয়তন বাড়িয়ে প্রাথমিক ভাবে অন্তর্ভক্ত এলাকার তালিকা/ভূমি প্রকাশ করা হয়।
গণবিজ্ঞপ্ততির মাধ্যমে জানা যায়, মৌজা সিলেট সিটি কর্পোরেশেনে অন্তর্ভূক্তির সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেগুলো হলো- সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের কুমারগাঁও–৮০, মইয়ারচর–৮১ (দাগ নম্বর ৭৭, ৮২, ৮৩, ৮৯, ৯০, ৯১ ব্যতীত), খুরুমখলা শাহপুর–৮২, আখালিয়া–৮৮, খাদিমনগর ইউনিয়নের কুমারগাঁও–৮০, খাদিমপাড়া ইউনিয়নের সাদিপুর ১ম খন্ড–৯৩, টিলাগড়–৯৫, দেবপুর–৯৬, কসবা কুইটুক–১০০, সুলতানপুর চক–১০১, পেশনেওয়াজ–১০২, টুলটিকর ইউনিয়নের সাদিপুর ১ম খন্ড–৯৩, টিলাগড়–৯৫, দেবপুর–৯৬।
এছাড়া দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের হবিনন্দি–১০৭, মনিপুর–১০৮, আলমপুর–১০৯, গোটাটিকর–১১০, বরইকান্দি ইউনিয়নের পিরিজপুর–১১৪, ধরাধরপুর–১১৫, বরইকান্দি–১১৬, গোধরাইল–১২৬ এবং তেতলী ইউনিয়নের ধরাধরপুর–১১৫, বরইকান্দি (অবশিষ্টাংশ)–১১৬, বলদী–১২৫ (আংশিক) (দাগ নম্বর ২১৯৯-২৩৪৯, ৩৫০৯-৩৫১১, ৩৫১৩, ৩৫৩৫)।
তবে পূর্বে এসব মৌজার যেসব অংশ সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত রয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি অংশ এখন অন্তর্ভূক্ত করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এছাড়া প্রস্তাবিত এলাকার অধিবাসীগণকে সিলেট সিটি কর্পোরেশন সম্প্রসারণের প্রাথমিক সিদ্ধান্তের বিষয়ে কোন ধরণের পরামর্শ বা আপত্তি থাকলে আগামি ৮ সেপ্টেম্বরের মধ্যে জেলা প্রশাসক বরাবরে লিখিতভাবে দাখিল করার জন্যও বিজ্ঞপ্তিতে বলা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালে সিলেট সিটি করপোরেশন (সিসিক)-এর আয়তন বাড়ানোর উদ্যোগ নিয়েছিলো নগর কর্তৃপক্ষ। নগরীর বর্তমান আয়তনের প্রায় ছয়গুণ আয়তন বৃদ্ধির একটি প্রস্তাব জমা দেওয়া হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। তবে প্রায় পাঁচ বছর ফাইলবন্দি অবস্থায় ছিলো এই প্রস্তাবনা।
জানা যায়, আয়তনের দিক দিয়ে দেশের সবচেয়ে ছোট নগরী সিলেট। ১৮৭৮ সালে যাত্রা শুরু হয় সিলেট পৌরসভার। তখন এর আয়তন ছিল পৌনে ২ বর্গকিলোমিটার। ২০০২ সালে সিলেট পৌরসভা সিলেট সিটি করপোরেশনে উন্নীত হয়। তখন থেকে এখন পর্যন্ত সিটি করপোরেশনের আয়তর ২৬ দশমিক ৫০ বর্গকিলোমিটার। নগরীর ২৭টি ওয়ার্ডে জনসংখ্যা আছে ৪ লাখ ৮৫ হাজার ১৩৮জন। প্রস্তাবনা অনুযায়ী সম্প্রসারিত হলে সিলেট সিটি করপোরেশনের আয়তন হবে ১৬০ দশমিক ৬২ বর্গকিলোমিটার।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ২০০২ সালে যখন পৌরসভা থেকে যখন সিলেট সিটি করপোরেশনে উন্নীত হয় তখন সিসিকের পরিধি ২৬ দশমিক ৫০ বর্গকিলোমিটার করা হয়। সিটি করপোরেশন সম্প্রসারিত হলে দক্ষিণ দিকে সিলেট-৩ সংসদীয় আসনের একটি অংশ ও উত্তর-পশ্চিম দিকে সিলেট সদর উপজেলার একাংশ মহানগরে অন্তর্ভুক্ত হবে। ১৬০ দশমিক ৬২ বর্গকিলোমিটার আয়তনে সিটি করপোরেশন করার প্রাক–প্রাথমিক প্রস্তাবও রয়েছে সিসিকের কাছে। এই প্রস্তাব গৃহীত হলে নগরীর ওয়ার্ডের সংখ্যা অর্ধশতাধিক হবে।

No comments:
Post a Comment