সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ইন্তেকাল, রোববার দাফন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 13 June 2020

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ইন্তেকাল, রোববার দাফন

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ইন্তেকাল, রোববার দাফন
সময় ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন।

শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের দাফনের প্রস্তুতি চলছে বলে তার ছেলে তানভীর শাকিল জয় জানিয়েছেন।

এর আগে হাসপাতালে টানা নয় দিন ধরে লাইফ সাপোর্টে থাকা নাসিমকে শনিবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জ্যেষ্ঠ এ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিমের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

করোনা উপসর্গ নিয়ে গত ১ জুন বেসরকারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। পরে পরীক্ষায় তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

গত ৫ জুন সকালে তার ‘ব্রেইন স্ট্রোক’ হলে সেখানেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) থাকা নাসিমের শারীরিক অবস্থা অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে।

এরপর তিন দফা তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ এলেও তার লাইফ সাপোর্ট সরানো সম্ভব হয়নি।

কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে নাসিম পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এবার মন্ত্রিত্ব না পেলেও দলের সভাপতিমণ্ডলীতে থাকার পাশাপাশি ১৪ দলীয় জোটের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন তিনি।

আওয়ামী লীগের বিগত সরকারগুলোর সময় স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে দায়িত্ব পালন করেছিলেন মোহাম্মদ নাসিম।

No comments:

Post a Comment

Pages