এআই ১০০ কোটি মানুষকে হত্যা করতে পারে : বিল গেটস - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 27 September 2026

এআই ১০০ কোটি মানুষকে হত্যা করতে পারে : বিল গেটস


সময় ডেস্ক : :
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতির মধ্যে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার দাবি, ভুল হাতে পড়লে শক্তিশালী এআই প্রযুক্তি ১০০ কোটি মানুষের মৃত্যুও ঘটাতে পারে।


এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকারের সঙ্গে এক সাক্ষাৎকারে বিল গেটস জানান, এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর নিজেদের নিয়ন্ত্রণ যথেষ্ট নয়। আইনপ্রণেতা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও সরাসরি এগিয়ে আসতে হবে।


তিনি বলেন, এআই ব্যবহারের ক্ষেত্রে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি থাকবে, তা আইন করে বাধ্যতামূলক করা দরকার। এতে প্রযুক্তি খাতে কিছু অতিরিক্ত খরচ ও প্রশাসনিক চাপ বাড়লেও এআই উন্নয়নের গতি নাটকীয়ভাবে কমে যাবে না বলে তিনি মনে করেন।


সাক্ষাৎকারে এআইয়ের সম্ভাব্য অপব্যবহার নিয়ে আরও কঠোর সতর্কতা দেন গেটস। তার কথায়, অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ যদি সর্বাধুনিক এআই প্রযুক্তি হাতে পায়, তাহলে তা এতটাই শক্তিশালী হয়ে উঠতে পারে যে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির মতো পরিস্থিতি তৈরি হতে পারে।


এআই নিয়ে গেটসের এমন সতর্কতা নতুন নয়। গত আগস্টের শেষ দিকে প্রায় ছয় হাজার শব্দের একটি দীর্ঘ প্রবন্ধেও তিনি মানবজাতির জন্য এআইয়ের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে আলোচনা করেন। প্রযুক্তি জগতের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরাও, যেমন ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান ও ইলন মাস্ক, এআই উন্নয়নের গতি ও নিরাপত্তা নিয়ে সতর্কতার কথা বলেছেন।


সামরিক খাতে এআই ব্যবহার ও ইসরায়েলি বাহিনীর সঙ্গে চুক্তির কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিল গেটসের মাইক্রোসফট। 'নো অ্যাজুর ফর অ্যাপার্টহেইড' নামের একটি অধিকারকামী সংগঠন প্রতিষ্ঠানটিকে এই সম্পর্ক ছিন্নের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, মাইক্রোসফটের প্রযুক্তি সামরিক কাজ ও অভিবাসীদের ওপর নজরদারিতে ব্যবহৃত হচ্ছে। তবে বিতর্কিত এই বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন অবস্থানও রয়েছে।


আলাপের শেষভাগে এআই নিয়ে কিছুটা কৌতুক করেন বিল গেটস। ব্যক্তিগত কোনো বিষয়ে এআইয়ের পরামর্শ নেন না উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তির সঙ্গে কোনো সামাজিকতায় যান না তিনি। হাস্যরসের ছলে গেটসের মন্তব্য, ‘এআই জানে, আমি অত্যন্ত গম্ভীর একজন মানুষ।’


No comments:

Post a Comment

Pages