ঢাকা-সিলেট ৬ লেন সড়কের কাজ সম্পন্ন হতে আরো ৩ বছর লাগবে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 26 September 2026

ঢাকা-সিলেট ৬ লেন সড়কের কাজ সম্পন্ন হতে আরো ৩ বছর লাগবে


সময় ডেস্ক : :
২০২৯ সালের মাঝমাঝি সময়ের মধ্যে সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়ক চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।


শনিবার সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে সিলেটের ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটি বলেন।


মন্ত্রী বলেন, বিগত সরকারগুলোর আমলে সিলেট-ঢকা মহাসড়ক ৬ লেনের কাজ আটক ছিলো। বিগত সরকারের আমলে পরিকল্পনা নিলেও কাজের কাজ কিছুই হয়নি। আমরা যখন দায়িত্ব নেই, অর্ন্তবর্তী সরকারের দুই বছরের মেয়াদ শেষে, তখন এই সড়কের অগ্রগতি ছিলো ৭ থেকে ৮ শতাংশ। জমি অধিগ্রহণই হয়নি, কাজ হবে কীভাবে? 


ইনশাআল্লাহ ২০২৯ এর মাঝামাঝি এই সড়কের কাজ শেষ হবে। এবং ১২ মাস পর রাস্তায় অবয়ব আপনাদের কাছে স্পষ্ট হবে।


মন্ত্রী বলেন, বর্তমান সরকার এই প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুতততার সাথে সম্পন্নের চেষ্টা করছে। এখন ভূমি অধিগ্রহণসহ সড়কের কাজে গতি পেয়েছে। 


এছাড়া সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার যে জায়গায় নতুন বিসিক হচ্ছে সে-ই সড়ককে ৪ লেনে উন্নীত করা হবে। 


গত ১৯ সেপ্টেম্বর এই সড়কের কাজ পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছিলেন, ২০২৯ সালের জুনে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে।


সড়ক মন্ত্রী বলেছিলেন, 'ঢাকা-সিলেট মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। প্রকল্পটি অনেক আগে নেওয়া হয়েছে। কিন্তু সাড়ে ৪ বছর হয়ে গেলেও অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গত ৬ মাসে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ভূমি অধিগ্রহণ এখন প্রায় ৫৬ শতাংশের কাছাকাছি। আশা করছি দুই মাসের মধ্যে শতভাগ ভূমি অধিগ্রহণ হয়ে যাবে। ভৌত কাজের অগ্রগতিও প্রায় ২৭ শতাংশ। 


'তিনি আরো বলেন, 'এ প্রকল্পের কাছে যেখানে বিচ্যুতি আছে, সেগুলো অতিক্রম করে আমরা এই সড়কটি বাস্তবায়ন করতে চাচ্ছি। সড়কের ১৩টি প্যাকেজের মধ্যে ৫টি প্যাকেজের কাজের অগ্রগতি অসন্তোষজনক। বাকি ৮টি প্যাকেজের কাজ সন্তোষজনক। আমরা ২০২৯ সালের জুনের মধ্যে মহাসড়কটি দরপত্র অনুসারে নির্মাণ কাজ শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করে দিতে চাই।


'সড়ক পরিবহনমন্ত্রী বলেন, 'বর্তামানে কাজের অগ্রগতি সন্তোষজনক। তবে কিছুটা জনদুর্ভোগ হচ্ছে, যেহেতু ৪ বছর কাজের তেমন অগ্রগতি ছিল না। বিগত সরকার এবং অন্তর্বর্তী সরকার খুব বেশি মনযোগী ছিল না এই প্রকল্প নিয়ে। ভূমি অধিগ্রহণ বড় সমস্যা ছিল, সেটা থেকে উত্তরণ হতে চলেছি আমরা। ভৌত কাজ যেখানে সন্তোষজনক নয়, সেটা কীভাবে আরো জোরালো করা যায় সেই চেষ্টা করছি আমরা।'


No comments:

Post a Comment

Pages