কিশোরগঞ্জে বরের গাড়ি থামিয়ে কনে ছিনতাই - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 31 August 2026

কিশোরগঞ্জে বরের গাড়ি থামিয়ে কনে ছিনতাই


সময় ডেস্ক : :
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে বরের বাড়িতে যাওয়ার পথে নববধূকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। এ সময় বরযাত্রীদের মারধর ও মাইক্রোবাসে ভাঙচুরেরও অভিযোগ করা হয়েছে।


রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে একটি মাইক্রোবাসে করে বরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বরযাত্রীরা।


পথে মাইক্রোবাসটি হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল গাড়িটির গতিরোধ করে বলে অভিযোগ করা হয়েছে।


বরের পরিবারের অভিযোগ, গাড়ি থামানোর পর ওই যুবকেরা মাইক্রোবাসে ভাঙচুর চালায় এবং বরযাত্রীদের মারধর করে। একপর্যায়ে তারা নববধূ তামান্না আক্তারকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। আকস্মিক এ ঘটনায় বরযাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কনের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে যে, অভিযুক্ত মিয়াদ নামের ওই যুবক দীর্ঘদিন ধরে তামান্না আক্তারকে উত্ত্যক্ত করে আসছিলেন।


ওসি আরও জানান, এ ঘটনায় বরের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। নববধূকে উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


তবে ঘটনাটির প্রকৃত কারণ এবং নববধূকে তুলে নেওয়ার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


No comments:

Post a Comment

Pages