সময় ডেস্ক : : ঢাকায় গ্রেফতার হওয়া কার্যত্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লবকে আনা হয়েছে সিলেটে। রোববার রাত ১০টার দিকে তাকে কোতোয়ালি মডেল থানায় আনা হয়। আবুল কাশেম পল্লব কার্যত্রম নিষিদ্ধ বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। পল্লবকে কোতোয়ালি থানায় নিয়ে আসার পর সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় কোতোয়ালি পুলিশ স্টেশনে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও থানায় উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
চব্বিশের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন এই নেতা। সে সময় তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় হত্যাসহ গোলাপগঞ্জ ও সিলেটের বিভিন্ন থানায় অন্তত ১৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তাকে সোমবার আদালতে হাজির করবে বিয়ানীবাজার থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার রাত ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির ভাটেরা থানা পুলিশ। পল্লব এভারকেয়ার হাসপাতালে রোগী দেখে ফেরার পথে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, পল্লবকে তারা ভাটারা থানা থেকে পুলিশ এসকট দিয়ে সিলেটে এনেছেন।
আজ সোমবার তাকে আদালতে তোলা হবে।
এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (৩০ আগস্ট) রাতে নগরীর মেন্দিভাগস্থ এমরান ল অ্যাসোসিয়েট কার্যালয়ে সিলেট জেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।ওই সভায়ও আবুল কাশেম পল্লবের গ্রেফতারের বিষয়টি আলোচনা আসে।
সভার একাধিক সূত্র জানায়, আবুল কাশেম পল্লবকে আদালত কিংবা থানায় কোনো ধরণের মব না করার জন্য নেতাকর্মীদের বিশেষভাবে সতর্ক করে দেয়া হয়।

No comments:
Post a Comment