সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 23 July 2026

সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে


সময় ডেস্ক : :
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদারসহ ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৩ জন, অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১২ জন এবং পুলিশ সুপার পদমর্যাদার ২ জন কর্মকর্তা রয়েছেন।


এ তালিকায় রয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সাবেক উপকমিশনার (ট্রাফিক) ও বর্তমানে পুলিশ অধিদপ্তরের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কর্মরত অতিরিক্ত ডিআইজি ফয়সাল মাহমুদ। ফয়সল মাহমুদের বাড়িও সিলেটে।


বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় জনস্বার্থে তাঁদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।


অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় রয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল্লাহীল বাকী, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার ডিআইজি মো. ওয়ালিদ হোসেন এবং সিআইডির ডিআইজি সানা শামীনুর রহমান। এ ছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সিআইডির মোহাম্মদ সরোয়ার হোসেন ও রেবেকা সুলতানা, ট্যুরিস্ট পুলিশের বিধান ত্রিপুরা ও সুলতানা নাজমা হোসেন, পুলিশ স্টাফ কলেজের এ কে এম ইকবাল হোসেন, 


এপিবিএনের সহেলী ফেরদৌস, সারদার বিপিএর মোহাম্মদ তবারক উল্লাহ, পুলিশ টেলিকমের হাসিনা রহমান, পুলিশ অধিদপ্তরের (কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল) ফয়সল মাহমুদ, পুলিশ অধিদপ্তরের কানিজ ফাতেমা, নৌ পুলিশের জেসমিন বেগম এবং ডিএমপির অতিরিক্ত ডিআইজি মোছা. ফরিদা ইয়াসমিন। তালিকায় আরও রয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান এবং টিডিএস পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী।


সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা ফয়সাল মাহমুদ এক সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পুলিশ অধিদপ্তরের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত ছিলেন।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরকালীন সব সুবিধা পাবেন। একই সঙ্গে জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।


No comments:

Post a Comment

Pages