ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছিল সিআইএ, গোপন তথ্য ফাঁস - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 12 June 2026

ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছিল সিআইএ, গোপন তথ্য ফাঁস


সময় ডেস্ক :
১৯৭০ সালের ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের বিশ্বজয়ের পেছনে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর গোপন ভূমিকা ছিল- এমনই এক চাঞ্চল্যকর দাবি তুলেছেন ব্রিটিশ অনুসন্ধানী সাংবাদিক গ্যাব্রিয়েল গেটহাউজ। তার দাবি, তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দলকে দুর্বল করে ব্রাজিলকে সুবিধা দিতে ইংলিশ অধিনায়ক ববি মুর ও কিংবদন্তি গোলরক্ষক গর্ডন ব্যাঙ্কসকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।


দীর্ঘ তিন বছরের নিবিড় অনুসন্ধান শেষে প্রকাশিত এক প্রতিবেদনে গ্যাব্রিয়েল গেটহাউজ এবং গর্ডন ব্যাঙ্কসের নাতি এড জার্ভিস দাবি করেন, মেক্সিকো বিশ্বকাপের আগে ও চলাকালে ঘটে যাওয়া কয়েকটি রহস্যময় ঘটনার পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।


প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বকাপ শুরুর ঠিক আগে কলম্বিয়ায় প্রীতি ম্যাচ খেলতে গিয়ে একটি জুয়েলারি দোকান থেকে ব্রেসলেট চুরির মিথ্যা অভিযোগে ইংল্যান্ড অধিনায়ক ববি মুরকে আটক করা হয়েছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হলেও ওই ঘটনা তৎকালীন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ওপর প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করেছিল। গবেষকদের মতে, এই সাজানো ঘটনার পেছনে আন্তর্জাতিক কোনো গোয়েন্দা চক্র সক্রিয় ছিল।


সবচেয়ে বড় ধাক্কাটি আসে পশ্চিম জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে। ইংল্যান্ডের প্রধান গোলরক্ষক গর্ডন ব্যাঙ্কস রহস্যজনকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ব্যাঙ্কস পরবর্তীতে তার আত্মজীবনীতেও উল্লেখ করেছিলেন, দলের হোটেলের বাইরে একটি অনুষ্ঠানে পানীয় গ্রহণের পর থেকেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন।


প্রধান গোলরক্ষকের অনুপস্থিতিতে মাঠে নামেন পিটার বোনেত্তি। সেই ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইংল্যান্ড। ফুটবল বিশ্লেষকদের মতে, ব্যাঙ্কস গোলপোস্টের নিচে থাকলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।


অনুসন্ধানী সাংবাদিক গেটহাউজের ব্যাখ্যায় এর পেছনে রয়েছে স্নায়ুযুদ্ধের সময়ের ভূরাজনীতি। ওই সময়ে লাতিন আমেরিকায় সাম্যবাদের বিস্তার রোধ ও রাজনৈতিক প্রভাব ধরে রাখতে ব্রাজিলের তৎকালীন ডানপন্থী সামরিক সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ব্রাজিলের সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখতে এবং জান্তা সরকারের জনপ্রিয়তা বাড়াতে ফুটবলের এই আন্তর্জাতিক সাফল্যকে যুক্তরাষ্ট্র একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকতে পারে।


তবে রোমাঞ্চকর এই অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিক বা সরকারি গোপন নথি প্রকাশ করা সম্ভব হয়নি। সিআইএ, ব্রাজিল ফুটবল ফেডারেশন কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষই এই দাবির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।


ফলে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা টুর্নামেন্ট ১৯৭০ সালের বিশ্বকাপকে ঘিরে নতুন এই দাবি ক্রীড়াবিশ্বে ব্যাপক তোলপাড় সৃষ্টি করলেও, ঘটনাগুলোর সত্যতা এখনো ইতিহাসের এক অমীমাংসিত রহস্য রয়ে গেছে।


No comments:

Post a Comment

Pages