সময় ডেস্ক : বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের পিতা মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকায় বিশাল জায়গা নিয়ে মাহবুব আলী খানের বাড়ি। এ বাড়ির একটি অংশ ৪২ বছর আগে ১৬ শতক জমি ডাক বিভাগকে দান করে দিয়েছেলেন স্বত্বাধিকারীরা। সে সময় স্থাপনও করা হয়েছিলো ডাকঘরের একটি শাখা। সেবা পেতে গ্রাহকদের পদচালনায় মুখরিত ছিল ঐতিহ্যবাহী খানবাড়ী।
একসময় ভবনটি জরাজীর্ণ হলে ২০১৩ সালে তার কার্যক্রম স্থানান্তর করা হয় সিলাম সাব-পোস্ট অফিসে। পুনরায় সংস্কারের মাধ্যমে প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ডাকঘরটির কার্যক্রম সচল করার উদ্যোগ নিয়েছে সরকারের ডাক বিভাগ। ইতিহাস ঐতিহ্যের প্রতীক সেই লাল বাক্সটি ডাকঘরটির সামনে ফের দেখা যাবে। ভেতরে গল্প হবে হলুদ, সাদা আর বাদামি খামের।
সিলেট বিভাগীয় প্রধান ডাকঘর সূত্রে জানা যায়, স্থানীয় পর্যায়ে ডাকসেবা নিশ্চিত করতে ১৯৮৪ সালে দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুর গ্রামে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাড়ির ১৬ শতক জায়গা ডাক বিভাগকে দানপত্রে দেওয়া হয়। পরে সেখানে স্থাপন করা হয় শাখা ডাকঘর (ইডিবিও)। সে সময় পুরোদমে চলতে থাকে কার্যক্রম। কিন্তু একপর্যায়ে ডাকঘরটি জরাজীর্ণ হয়ে পড়ায় ২০১৩ সালে পার্শ্ববর্তী সিলাম সাব-পোস্ট অফিসে এর কার্যক্রম স্থানান্তর করা হয়।
এবার প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ির সেই পরিত্যক্ত ডাকঘরটি সংস্কার করে এতে প্রাণ ফেরাচ্ছে ডাক বিভাগ। কয়েক লাখ টাকা ব্যায়ে সংস্কার কাজ শেষ। আগামী মঙ্গলবার এর উদ্বোধন করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) সুজিত চক্রবর্তী জানান- আগামী মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ডাকঘর নতুন করে উদ্বোধন করা হবে এবং এখন থেকে এখানে নিয়মিত সেবা পাবেন জনসাধারণ।
তিনি জানান- এটি আগে ইডিবিও (শাখা ডাকঘর) ছিলো। তবে এখন এটিকে টাউন সাব পোস্ট (টিএসপিও) হিসেবে উন্নীত করা হয়েছে। এখানে একজন পোস্ট মাস্টার, একজন পোস্ট ম্যান ও একজন রানার থাকবেন জনসাধারণকে ডাকসেবা দিতে।
সুজিত চক্রবর্তী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুরবাড়ির সম্মানার্থে ডাক অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) কাজী আসাদুল ইসলাম স্যারের নির্দেশ এবং চট্টগ্রাম অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল (পিএমজি) মো. আবু তালেব স্যারের সার্বিক তত্ত্বাবধানে ও সিলেট বিভাগীয় ডাকঘরের ব্যবস্থাপনায় পরিত্যক্ত ঘরটি দ্রুত সংস্কার করা হয়েছে। দৃষ্টিনন্দন রূপে ফিরেছে এবার ডাকঘরটি। উদ্বোধনের পর থেকে স্থানীয়দের আর কষ্ট করে সিলাম সাব-পোস্ট অফিসে যেতে হবে না, এখানেই পাবেন ডাক বিভাগের সকল গ্রাহক সেবা।

No comments:
Post a Comment