সময় ডেস্ক : বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন দেশজুড়ে চলছে উন্মাদনা, তখন পটুয়াখালীর এক চিকিৎসকের ব্যতিক্রমী ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ হাবিবুর রহমান।
ঘোষণা অনুযায়ী, পুরো বিশ্বকাপ চলাকালীন সময়ে আর্জেন্টিনার জার্সি পরে তাঁর চেম্বারে চিকিৎসা নিতে এলে রোগীদের ভিজিট ফি-এর ৫০ শতাংশ মওকুফ করা হবে। অর্থাৎ, আর্জেন্টিনা সমর্থকদের ভিজিট দিতে হবে অর্ধেক।
নিজের ফেসবুক পোস্টে ডাঃ হাবিবুর রহমান লিখেছেন, “পুরো বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনার সাপোর্টারদের জন্য আমার চেম্বারে চলবে বিশেষ অফার। আর্জেন্টিনার জার্সি পরে চেম্বারে এলে ভিজিট হাফ।”
এই ঘোষণার পর ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। অনেকেই এটিকে বিশ্বকাপের আনন্দকে আরও উৎসবমুখর করে তোলার একটি অভিনব উদ্যোগ হিসেবে উল্লেখ করছেন।
ডাঃ হাবিবুর রহমান বর্তমানে এনেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং ব্যথা ব্যবস্থাপনা বিষয়ে চিকিৎসাসেবা প্রদান করেন। তাঁর চেম্বার পটুয়াখালীর কাজীপাড়ায় অবস্থিত গ্রিনভিউ হসপিটালে।
বিশ্বকাপজুড়ে চলমান এ বিশেষ অফার স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের জন্য বাড়তি আনন্দের কারণ হয়ে উঠবে বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা।

No comments:
Post a Comment