সময় ডেস্ক : রাজধানীর পল্লবী এলাকায় একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাতে এ মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কয়েকদিন আগে মারা যান।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ।
তিনি জানান, বুধবার আমরা খবর পেয়ে পল্লবী থানার সেকশন ৬ এলাকার ১০ নাম্বার রোডের সি ব্লকের ১৪ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করি। তার মরদেহ অর্ধ-গলিত অবস্থায় ছিল। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, তার স্বামী মমিনুল হক ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। পারিবারিক কলহ থাকায় বাবার পৈত্রিক ফ্লাটে থাকতেন মৃত সেলিনা আফরোজা। ১২ বছর আগে তিনি কানাডা থেকে দেশে চলে আসেন এবং ওই বাসার একটি ফ্লাটে দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে পাওয়া ওই ভবনের একটি ফ্ল্যাটে দীর্ঘদিন যাবত তিনি একাই থাকতেন। তার আরেক বোন চার তলায় থাকতেন। গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে মৃত সেলিনা আফরোজের সঙ্গে তার ভাতিজা আশফাকুর রহমানের সর্বশেষ কথা হয়। এরপর আর তার কারও সঙ্গে যোগাযোগ হয়নি।
উল্লেখ্য, একই এলাকায় সম্প্রতি আরেকটি মরদেহ উদ্ধারের ঘটনায়ও চাঞ্চল্য তৈরি হয়েছে। ফলে পুরো এলাকায় আতঙ্ক ও রহস্যের সৃষ্টি হয়েছে।
গত রবিবার (৩১ মে) পল্লবী ৬ নম্বর সেকশনের ১৩ নম্বর সড়কের একটি বাসা থেকে বৃদ্ধা নুরুজাহান বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। একা বসবাসরত ওই বৃদ্ধার মৃত্যুর ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পুলিশ জানায়, মৃত বৃদ্ধার ৩ ছেলের একজন যুগ্ম-সচিব, একজন বুয়েট শিক্ষক ও আরেকজন কানাডায় বসবাস করেন। মৃত্যুর পর অভিযোগ ওঠে, সন্তানরা আর্থিকভাবে সচ্ছল হলেও বৃদ্ধা মায়ের যথাযথ দেখাশোনা করেননি।

No comments:
Post a Comment