১১তম বিপিএল আসরে বিসিবির ক্ষতি ১৪-১৬ কোটি টাকা : তামিম - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 7 May 2026

১১তম বিপিএল আসরে বিসিবির ক্ষতি ১৪-১৬ কোটি টাকা : তামিম


সময় ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর আয়োজন করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৪-১৬ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। 


বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।


বিপিএলের গত কয়েক আসরের নানা অনিয়ম তুলে ধরে তামিম ইকবাল বলেন, এখন থেকে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধের কোনো ধরনের দায়ভার বিসিবি বহন করবে না। ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের মধ্যকার আর্থিক চুক্তি ও লেনদেন সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট পক্ষগুলোকেই নিশ্চিত করতে হবে। বিসিবি কেবল তাদের আইনগত সহায়তা করবে।


তিনি বলেন, একাদশ আসরে কোনো ধরনের পূর্ণাঙ্গ চুক্তি ছাড়াই নোয়াখালী ও সিলেটের মতো দলও লিগে অংশ নিয়েছিল। একটি স্বনামধন্য দল ছাড়া কেউই ব্যাংক গ্যারান্টির নিয়ম মানেনি।


অ্যাডহক কমিটির সভাপতি বলেন, এই ধরনের অব্যবস্থাপনার কারণে পুরো বিপিএল কাঠামোতেই আস্থার সংকট তৈরি হয়েছে। ভুল হলে তার দায় সংশ্লিষ্টদেরকেই নিতে হবে এবং জবাবদিহির বাইরে থাকার সুযোগ নেই।


তিনি বলেন, ভবিষ্যতে মানসম্পন্ন ও আর্থিকভাবে সক্ষম ফ্র্যাঞ্চাইজি না পাওয়া গেল বিপিএল আয়োজন নিয়েই পুনর্বিবেচনা করতে হবে। তার মতে, একটি পেশাদার লিগ পরিচালনার জন্য যেসব আর্থিক নিশ্চয়তা ও কাঠামো প্রয়োজন, তা নিশ্চিত না হলে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া যৌক্তিক হবে না।


এদিকে বিপিএলের ফিক্সিং ও অন্যান্য অনিয়মের অভিযোগ তদন্তের পর শাস্তিমূলক ব্যবস্থার কথাও জানিয়েছে বিসিবি। দীর্ঘ তদন্ত শেষে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।


No comments:

Post a Comment

Pages