সিলেটে অপহৃত স্কুলছাত্রী কুমিল্লা থেকে উদ্ধার, আটক-১ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 30 May 2026

সিলেটে অপহৃত স্কুলছাত্রী কুমিল্লা থেকে উদ্ধার, আটক-১


নিজস্ব সংবাদদাতা :
সিলেট নগরীর ভার্থখলা এলাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে কুমিল্লার লাকসাম থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে হুমায়ুন আহমদ (২০) নামের যুবক কে আটক করা হয়েছে। 


শনিবার (৩০ মে) বিকেলে অভিযুক্ত যুবকসহ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।


মামলার উদ্ধৃতি দিয়ে পুলিশ সূত্র জানায়, দক্ষিণ সুরমা থানার লাউয়াই এলাকায় বসবাসকারী ১৪ বছর বয়সী ময়না (ছদ্মনাম) গত ১৯ এপ্রিল নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। সে ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাওয়া পথে অপহরণের শিকার হয় বলে অভিযোগ করে মামলা করেন ময়নার পিতা আলাল মিয়া (৫০)। মামলায় হুমায়ুনসহ ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।


তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কুমিল্লার লাকসামের চুনাতি রোডের মিশ্রী এলাকা থেকে র‌্যাব-১১ ও স্থানীয় পুলিশের সহায়তায় অভিযুক্ত হুমায়ুন আহমদকে আটক করে। আর অপহৃত স্কুলছাত্রী ময়নাকে হুমায়ুনের বোনের বাসা থেকে উদ্ধার করা হয়। পরে দুজনকে দক্ষিণ সুরমা থানা পুলিশের টিম সিলেটে নিয়ে আসে।


বিবাহিত হুমায়ুন কিশোরগঞ্জের মিঠামইন থানার কাটাকালের চরকাটাকাল গ্রামের আজগর মিয়ার ছেলে।


মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুর রহমার জানান,  অভিযুক্ত হুমায়ুনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ওইদিন কারাগার প্রেরণ করা হয়েছে। আর মেয়েকে ফরেনসিক পরীক্ষার জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

No comments:

Post a Comment

Pages