সময় ডেস্ক : চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজের ৮ দিন পর খাল থেকে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার শিকলবাহা খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর লাশটি খালে ফেলে দেওয়া হতে পারে এবং স্রোতে ভেসে কৈয়গ্রাম এলাকায় এসে পৌঁছায়।
মৃত ওই ব্যক্তির নাম হাসিনা আক্তার (৩২)। তিনি কক্সবাজারের উখিয়ার রত্নাপালং এলাকার বাসিন্দা মফিজুর রহমানের মেয়ে। হাসিনা দুই সন্তানের জননী। তার স্বামী মোহাম্মদ হাসান দীর্ঘদিন ধরে ওমানে রয়েছেন। তার সন্তানরা চকরিয়ার একটি মাদরাসায় পড়াশোনা করছে।
মৃত হাসিনার চাচাত ভাই মোহাম্মদ রফিক বলেন, গত ৬ এপ্রিল চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে গিয়েছিল হাসিনা। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো সন্ধান পাইনি।
অবশেষে খালের পানিতে ভাসমান লাশ দেখে আমরা তাকে শনাক্ত করি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
স্থানীয় এক বাসিন্দা জানান, খালে লাশ ভাসতে দেখে আমরা প্রথমে ভয় পেয়ে যাই। পরে নিশ্চিত হয়ে পুলিশে খবর দিই। এমন ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর লাশটি উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ওসি জানান, এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর পর বুধবার দুপুরে লাশটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

No comments:
Post a Comment