সময় ডেস্ক : ‘যে দেশে স্বাধীনতা নেই সে দেশে থেকে কী লাভ? সুপ্ত আকাশে ভেসে যাক আমার ভীষণ বেলা। আমি বাঁচতে চাই’ দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক স্ট্যাটাসে এভাবেই নিজের আক্ষেপ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আলোচিত ছাত্রদল নেতা রেদোয়ান ইসলাম। ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে বিতর্কের মুখে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর অবশেষে দেশত্যাগ করলেন তিনি।
সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের এই নেতাকে ঘিরে গত কয়েক দিন ধরে এলাকায় ব্যাপক তোলপাড় চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করে একাধিক ভিডিও বার্তা ও পোস্ট দেওয়ার পর গত ৯ এপ্রিল সকালে তিনি দেশ ছাড়েন। বিমান থেকে তোলা কিছু ছবি ফেসবুকে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন রেদোয়ান নিজেই।
ঘটনার সূত্রপাত গত ৩ এপ্রিল, যখন সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে রেদোয়ানের নাম আসতেই ট্রান্সজেন্ডার ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় ওঠে।
এলাকাবাসীর তোপের মুখে তথ্য গোপনের অভিযোগে তাঁকে দল থেকে অব্যাহতি দেয় জেলা ছাত্রদল।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী জানান, রেদোয়ান তার জীবনবৃত্তান্তে নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন। কিন্তু পরে ভিন্ন তথ্য উঠে আসায় এবং তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

No comments:
Post a Comment