সময় ডেস্ক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগানের পুলিশ বক্স এলাকায় মুখোমুখী সংঘর্ষ এড়াতে গিয়ে খাদে পড়ে যায় দুই বাস। এ ঘটনায় অন্তত ৯ থেকে ১০জন যাত্রী আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকাল প্রায় পৌণে ৩টায় এয়ারপোর্ট রোডের মালনি ছড়া পুলিশ বক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুটি বাসেই পর্যটক ছিলেন। এরমধ্যে একটি বাস ছিল সাদাপাথর পর্যটনের আর অপর বাসটি রাহাত এন্টারপ্রাইজের। দুটি বিপরীতমুখী পথে যাতায়াতের সময় প্রায় মুখোমুখী সংঘর্ষের উপক্রম হয়।
তবে উভয় বাসের চালকদের দক্ষতায় তা আর হয়নি। এরমধ্যে সাদাপাথর পর্যটনের বাসটি খাদে পড়ে যায়, আর রাহাত এন্টারপ্রাইজ ছিল আংশিক খাদে। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। এসময় ৯ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন এবং তাদের ওসমানী মেডিকেলসহ অন্যান্য হাসতাপালে ভর্তি করা হয়েছে।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আহদের উদ্ধার করা হয়েছে। এখন বাসগুলো উদ্ধারে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে জানানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলে তিনি জানান।

No comments:
Post a Comment