সময় ডেস্ক : সিলেটে হানিট্রাপ চক্রের ২ নারীসহ ৪ জনকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের কানাইঘাটের সুরইঘাটের আজিজুল হকের মেয়ে তানজিলা আক্তার প্রকাশ রাবেয়া বেগম তানহা (২৭), গোয়াইনঘাটের জাফলংয়ের আলাল উদ্দিনের ছেলে মো. আব্দুল জলিল (৩০), নগরীর কোতোয়ালী থানার জাহাঙ্গীর আলমের মেয়ে জেসমিন আক্তার (২২) ও মোগলাবাজারের তোফাজ্জল হকের ছেলে মো. জায়েদ আহমদ (৩৫)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া আটটায় কোতোয়ালী মডেল থানাধীন মেন্দিবাগ পয়েন্ট এলাকা থেকে ভিকটিম মাহমুদুল হাসান রিফাত (২৫) ও তার বন্ধু মাহফুজ আলীকে (২৫) হানিট্র্যাপ চক্রের সদস্য মো. আব্দুল জলিল (৩০) কৌশলে প্রতারণার মাধ্যমে অপর সদস্য মো. জায়েদ আহমদের (৩৫) চালিত সিএনজি অটোরিক্সায় তুলে নিয়ে যায়।
পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে আটটায় নগরীর যতরপুর এলাকার নবপুষ্প-১১৩ নং বাসার ৫ম তলায় নিয়ে গিয়ে পূর্বপরিকল্পিতভাবে চক্রের অন্যান্য সদস্যদের সহায়তায় ভিকটিমদের জিম্মি করে।
ওই বাসায় পূর্ব থেকেই অবস্থানরত জেসমিন আক্তার (২২) এবং চক্রের মূলহোতা তানজিলা আক্তার ওরফে রাবেয়া বেগম তানহা (২৭) সহ ৪/৫ জন সহযোগী মিলে ভিকটিমদেরকে ধারালো অস্ত্র প্রদর্শন করে ইলেকট্রিক শক প্রদানের মাধ্যমে শারীরিক নির্যাতন চালায়। তাদেরকে জোরপূর্বক উলঙ্গ করে অশ্লীল ভিডিও ধারণ করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোট ১০ লাখ টাকা দাবি করা হয়।
পরবর্তীতে ভিকটিম মাহমুদুল হাসান রিফাত আত্মীয়-স্বজনের নিকট থেকে ৯০ টাকা সংগ্রহ করে আনিয়ে দেন।
তখন ভিকটিমদ্বয়ের পরিবারের লোকজন কোন সমস্যা আছে মর্মে ধারণা করে সন্দেহের প্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানা পুলিশকে অবহিত করলে শুক্রবার ভোরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ৪ জন আসামিকে আটক করা হয়।
এসময় ঘটনায় ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ১টি সিএনজি অটোরিক্সা, ৩টি মোবাইল ফোন এবং ভিকটিমদের নিকট থেকে ছিনিয়ে নেয়া iPhone 14 Pro Max ও itel মোবাইল উদ্ধার করা হয়।
মো. মনজুরুল আলম জানান, উক্ত ঘটনায় কোতোয়ালী মডেল থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

No comments:
Post a Comment