সময় ডেস্ক : আগামী ২ মে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে রাজপথে শোডাউন করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে নগরীর দরগাহ গেইট সংলগ্ন সুলেমান হলের সামনে থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদের সঞ্চালনায় মিছিলে সংগঠনের জেলা ও বিভিন্ন উপজেলা ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুর রউফ, এমদাদ বক্স, কায়সান মাহমুদ সুমন, জাহাঙ্গীর মিয়া এবং আহবায়ক কমিটির সদস্য মিছবাউর রহমান, শেখ আব্দুল মনাফ, সালেক আহমদ ও খন্দকার ফয়েজ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে আব্দুল আহাদ খান জামাল বলেন, সিলেটের জামাতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে সিলেটের সর্বস্তরের জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা বিশ্বাস করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরাধিকারী হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই দেশে উন্নয়নের এক নতুন দিগন্তের সূচনা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন, বর্তমান সরকারের অভাবনীয় সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা দেশবিরোধী নানা ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়েছে। সকল অপশক্তির বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
মিছিলে আরও উপস্থিত ছিলেন সাইদ মাহমুদ ওয়াদুদ, মো. আশিক মিয়া, প্রভাষক মাকসুদ আলম, সাইদুল এনাম চৌধুরী লাহিন, সাইফুল আলম কোরেশী, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, আয়াত আলী প্রিন্স প্রমুখ।
এছাড়াও সিলেট সদর উপজেলা, দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট, ফেঞ্চুগঞ্জ, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, বিশ্বনাথ, জকিগঞ্জ, কানাইঘাট ও গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ নিজ নিজ ইউনিটের নেতাকর্মীদের নিয়ে মিছিলে যোগ দেন। নেতৃবৃন্দ তারেক রহমানের সিলেট সফর সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

No comments:
Post a Comment