বাসে আগুন ও পেট্রলপাম্প ভাঙচুর : বৈষম্যবিরোধী আন্দোলনের ৭ নেতা গ্রেপ্তার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 9 March 2026

বাসে আগুন ও পেট্রলপাম্প ভাঙচুর : বৈষম্যবিরোধী আন্দোলনের ৭ নেতা গ্রেপ্তার


সময় ডেস্ক :
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 


সোমবার (৯মার্চ) রাত দুইটার দিকে ঝিনাইদহ পৌর এলাকার ব্যাপারীপাড়া ও পায়রা চত্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। দুপুরে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।


গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন- ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্যসচিব আশিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর মাহমুদ, ‘দ্য রেড জুলাই’- এর আহ্বায়ক আবু হাসনাত, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির এবং রাসের হুসাইন।


পুলিশ জানায়, রোববার ঝিনাইদহ তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে নয়ন নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সাবেক সদস্য নিহত হন। এ ঘটনার পর তিনটি বাসে অগ্নিসংযোগ ও একটি পেট্রলপাম্পে ভাঙচুর করা হয়। এর প্রতিবাদে শ্রমিকেরা পরদিন বিচার দাবি করে মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন।


এ বিষয়ে পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগের এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেন বাসের এক মালিক। ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাদের।


এদিকে মধ্যরাত থেকে ডিবি কার্যালয়ে আটকে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মারধর ও নির্যাতন করা হয়েছে বলে আটককৃতরা দাবি করেছেন। প্রিজন ভ্যানে ওঠার সময় চিৎকার তারা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। একইসঙ্গে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ‌‘রাজনৈতিক ষড়যন্ত্র’ রয়েছে বলেও তারা দাবি করেন।


No comments:

Post a Comment

Pages