২ শতাধিক ছাত্রীকে রাকসুর হিজাব উপহার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 1 February 2026

২ শতাধিক ছাত্রীকে রাকসুর হিজাব উপহার


সময় ডেস্ক : ‘
হিজাব গর্বের সাথে পরিধান করুন’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব হিজাব দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।


রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাকসু ভবনের সামনে দুই শতাধিক নারী শিক্ষার্থীকে বিনামূল্যে হিজাব প্রদান করা হয়। 


ব্যতিক্রমী এ আয়োজনকে ঘিরে নারী শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ করা গেছে। আয়োজকরা জানান, হিজাব শুধু পোশাক নয়, এটি অনেক শিক্ষার্থীর ধর্মীয় মূল্যবোধ ও ব্যক্তিগত পরিচয়ের অংশ—এই বার্তাকে সম্মান জানাতেই আমাদের এই উদ্যোগ।


হিজাব পেয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মেঘনা রহমান বলেন, ‘বিশ্ব হিজাব দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার খুব ভালো লাগছে, এটা একদম একটা ভিন্নধর্মী আয়োজন। সেই সঙ্গে হিজাবটা পাওয়ার পর অনুভূতিটা আসলেই অন্য রকম। হিজাব যে আমাদের অধিকার এটা আমরা কিছুদিন আগেও বলতে ভয় পেতাম। কিন্তু এখন এ হিজাবটা সম্পর্কে আমরা গর্বের সঙ্গে বলতে পারি এবং এই ধরনের  আয়োজন নারীদের আরও উৎসাহিত করবে এবং অন্যান্য যারা  হিজাব পরতে দ্বিধাবোধ করে, তাদের অনুপ্রাণিত করবে। হিজাবটা আসলে নারীদের বাধা নয়, বরং আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে এবং নারীদের বুদ্ধিমত্তার সঙ্গে নিয়ে যেতে সহযোগিতা করবে।’


ইতিহাস বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী লিমা ইয়াসমিন রাকসুর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘হিজাব মুসলিম নারীদের গর্ব। কিন্তু বর্তমানে হিজাব নিয়ে যে পরিমাণ কটূক্তি করা হয়, তা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। আমরা স্বপ্ন দেখি সেদিনের যেদিন প্রতিটি মুসলিম নারীর এই হিজাবকে সম্মান দেওয়া হবে। রাকসু কর্তৃক এ আয়োজনকে সাধুবাদ জানাই এবং এই ধারা যেন অব্যাহত থাকে।’


ফ্রি হিজাব বিতরণ নিয়ে রাকসুর মহিলাবিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা বলেন, বিশ্ব হিজাব দিবস উপলক্ষে শিক্ষার্থীদের হিজাব পরিধানে উৎসাহিত করতে রাকসুর উদ্যোগে হিজাব বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি, এটি হিজাবি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। পাশাপাশি, এটি ক্যাম্পাসে সাংস্কৃতিক বৈচিত্র্য ও পারস্পরিক সম্মানবোধ তৈরিতেও সহায়ক হবে বলে আমরা মনে করি।’


প্রসঙ্গত, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বিশ্ব হিজাব দিবস’ পালনের উদ্যোগ নেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্কের বাসিন্দা নাজমা খান। তখন থেকে প্রতিবছর ১ ফেব্রুয়ারি হিজাবের প্রতি সম্মান জানাতে বিশ্বব্যাপী হিজাব দিবস পালন করা হয়ে থাকে।


No comments:

Post a Comment

Pages