সময় ডেস্ক : সিলেটের কানাইঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নাবিল (২১) নামে এক তরুণ খুন হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাবিল কানাইঘাট সরকারী কলেজের ছাত্র ও স্থানীয় ছাত্রদল কর্মী বলে জানা গেছে।
সকালে বাড়ির বাথরুমে মাটি ফেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাবিলকে ছুরিকাঘাত করেন চাচাত ভাই ইসলাম উদ্দিন।
বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী জানান, আহত নাবিলকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে নেওয়ার পথে সে মারা যায়।
খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
ছুরিকাঘাতে নাবিল হত্যার বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই ইসলাম উদ্দিনের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নাবিল খুন হয়। নিহত ও অভিযুক্ত দুজনই একই বাড়ির বাসিন্দা বলে ওসি জানান।

No comments:
Post a Comment