তেহরানে মার্কিনীদের জন্য হাজার হাজার কবর খুঁড়ছে ইরান - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 31 January 2026

তেহরানে মার্কিনীদের জন্য হাজার হাজার কবর খুঁড়ছে ইরান


সময় ডেস্ক :
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তজনা এখন এক ভয়াবহ রূপ নিয়েছে। ইরান সরকার জানিয়েছে, দেশটিতে মার্কিন হামলার সম্ভাবনা দেখা দিলে এবং তাতে যদি আমেরিকান সেনারা নিহত হয়, তবে তাদের সমাহিত করার জন্য তেহরানের উপকণ্ঠে হাজার হাজার কবর প্রস্তুত করা হচ্ছে।


ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, তেহরানের বৃহত্তম কবরস্থান ‘বেহেশত-ই-জাহরা’ কর্তৃপক্ষ এই বিশেষ কবরগুলো খনন করার পরিকল্পনা বাস্তবায়ন করছে। মূলত সম্ভাব্য যুদ্ধের আগাম প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করছে ইরান।


সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক হামলার হুমকি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ না করে এবং দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভ কারীদের ওপর দমন-পীড়ন না থামায়, তবে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।


এরই মধ্যে যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ এবং এর সহযোগী স্ট্রাইক গ্রুপ ইরানের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্প এক বিবৃতিতে বলেন, "আমাদের অনেক বড় এবং শক্তিশালী জাহাজ এখন ইরানের পথে। আমি চাই না সেগুলো ব্যবহার করতে হোক, কিন্তু তারা (ইরান) যদি পদক্ষেপ না নেয়, তবে আমাদের বিকল্প কিছু করতে হবে।"


ইরান দাবি করেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক এবং শান্তিপূর্ণ কাজের জন্য। তবে দেশটি আলোচনার জন্যও নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, "হুমকির ছায়াতলে থেকে আমরা কোনো আলোচনায় বসব না। তবে যদি আলোচনা ন্যায়সঙ্গত এবং সমতাপূর্ণ হয়, তবে আমাদের কোনো আপত্তি নেই।"


এদিকে, সামরিক শক্তি প্রদর্শনে ইরান তাদের বাহিনীতে প্রায় ১,০০০টি নতুন ‘কৌশলগত ড্রোন’ যুক্ত করেছে। ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে। একই সময়ে তেহরানের বিভিন্ন স্থানে রহস্যময় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।


আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও যুদ্ধের প্রস্তুতি মধ্যপ্রাচ্যে এক মহাপ্রলয়ের ইঙ্গিত দিচ্ছে। 

সূত্র : ডেইলি স্টার (ইউকে)


No comments:

Post a Comment

Pages