মৌলভীবাজারে ‘বেঙ্গল সুইট ফুড’কে ১৬ লাখ টাকা জরিমানা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 25 February 2026

মৌলভীবাজারে ‘বেঙ্গল সুইট ফুড’কে ১৬ লাখ টাকা জরিমানা


সময় ডেস্ক
: মৌলভীবাজারে জিলাপিতে নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ (সোডিয়াম হাইড্রো সালফাইড) ব্যবহারের দায়ে ‘বেঙ্গল সুইট ফুড’ নামক একটি মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। জরিমানার অর্থ অনাদায়ে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) মামলার দীর্ঘ শুনানি শেষে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’-এর দুটি পৃথক ধারায় এই ঐতিহাসিক রায় প্রদান করেন।


আদালত সূত্র জানায়, ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে বেঙ্গল সুইট ফুডের জিলাপিতে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও নিষিদ্ধ হাইড্রোজ শনাক্ত করা হয়। এর প্রেক্ষিতে গত বছরের ২৮ আগস্ট (২৮/০৮/২০২৫) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত এই দণ্ডাদেশ দেন।


এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাকিব হোসাইন রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য, যা খাদ্য উৎপাদনে ব্যবহার ‘খাদ্য-সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭’ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এটি একটি গুরুতর অপরাধ।


তিনি আরও জানান, হাইড্রোজ যুক্ত খাবার গ্রহণে মানবদেহের কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও এটি পাকস্থলীর ক্যান্সার, আলসার, পেটের পীড়া এবং শরীরের বিভিন্ন হরমোনের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়।


নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য জানাতে জনসাধারণকে কলসেন্টার নম্বর ১৬১৫৫-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


এই রায়ের ফলে খাদ্য ব্যবসায়ীদের মধ্যে যেমন সতর্কবার্তা পৌঁছেছে, তেমনি সাধারণ ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরেছে।


No comments:

Post a Comment

Pages