সময় ডেস্ক : ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে অর্ধকোটি টাকাসহ আটক করার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। তিনি বলেন, ঠাকুরগাঁও জামায়াতের আমির একজন ব্যবসায়ী এবং এমন ঘটনা একটি নিরাপদ জায়গায়, যেমন এয়ারপোর্টে সাজানো হতে পারে না।
বুধবার (১১ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এহসানুল মাহবুব আরো বলেন, জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার জন্য এ ধরনের অপপ্রয়াস চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, একদল সন্ত্রাসী শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চাইছে।
জনগণ যেন ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে যেতে না পারে, এজন্য নানা চক্রান্ত চলছে। গতকাল (মঙ্গলবার) তাদের আমিরের নির্বাচনি এলাকায় বুথ ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে সারা দেশে জামায়াতের নেতাকর্মীদের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটছে।
তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তাদের এজেন্টদের সরিয়ে দেওয়া এবং হামলা করা হচ্ছে।
এহসানুল মাহবুব আরো বলেন, প্রশাসনের কিছু অংশ একদিকে ঝুঁকে পড়েছে বলে তাদের ধারণা। তার দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণ উদ্দেশ্যপ্রণোদিত এবং ইচ্ছাকৃতভাবে এ ধরনের নাটক সাজানো হচ্ছে।
এর আগে বেলা ১২টায় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে আটক করে। ধারণা করা হচ্ছে এই টাকার পরিমাণ অন্তত ৫০ লাখ।

No comments:
Post a Comment